বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক সাজিদ খান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম শামীমা পারভীন তাঁর খাসকামরায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। এরপর সাজিদকে কারাগারে পাঠানো হয়। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাইনুল ইসলাম দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন। ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তদন্ত কর্মকর্তা তাঁর জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেন।গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় সাজিদ খানকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব সিকিউরিটি অ্যাফেয়ার্স কর্নেল (অব.) এ টি এম মেজবাহউদ্দিন সেরনিয়াবাত বাদী হয়ে মিরপুর থানায় এই মামলা করেন।