আদালতে সিসিটিভি স্থাপনের দাবি শাহরিয়ার কবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপ্রার্থী, বিচারকসহ সবার সার্বিক নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আবেদন জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবির। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবিধান নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরের করা রিটের শুনানির সময় গত মঙ্গলবার হাইকোর্টে চরম হট্টগোল হয়। এর পরিপ্রেক্ষিতে নির্মূল কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।শাহরিয়ার কবির বলেন, ‘খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করায় একজন আইনজীবী বিচারপতিকে লক্ষ করে ভারী বস্তু ছুড়ে মারেন। আরেকজনের হাতে ছিল ব্যাগভর্তি জুতা। তাঁরা আইনজীবীদের পোশাক পরে বস্তির সন্ত্রাসীদের মতো আচরণ করেছেন।’বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীদের তাঁর ওপর হামলার দায়ে অভিযুক্ত করে শাহরিয়ার কবির বলেন, ‘কিছু তরুণ আইনজীবী মানবঢাল তৈরি না করলে এ হামলায় আমার প্রাণহানির আশঙ্কা ছিল। আগামী ১৮ আগস্ট মামলার শুনানি আছে। আমি শঙ্কিত, আমি ও আমার আইনজীবী ওই দিন নিরাপদে আদালতে যেতে পারব কি না।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অধ্যাপক কবীর চৌধুরী, বিচারপতি গোলাম রাব্বানী, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।