সাভারের মিটন গ্রামে কুরমান আলী হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী কহিনুর বেগম।
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ সিরাজ জিন্নাতের আদালতে কহিনুরের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। ইউনুসকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই কামরুল হাসান বলেন, জিজ্ঞাসাবাদে কহিনুর বলেন তাঁদের বাড়ির তত্ত্বাবধায়ক ইউনুস আলীর সঙ্গে তাঁর পরকীয়া থাকায় তিনি কুরমানকে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ইউনুস ঘরের দরজার কড়া নাড়লে তিনি দরজা খুলে দেন। পরে তিনি ঘুমন্ত অবস্থায় স্বামীর বুকের ওপর উঠে বসেন। এ সময় ইউনুস ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ কুরমানের বাড়ির একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় কুরমানের বড় ভাই বিল্লাল সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় কহিনুর ও ইউনুসকে আসামি করা হয়েছে।