নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়ায় নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসী জেনি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী বদরুল হক ওরফে বাদশাকে জেলহাজাতে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাদশা নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গত ২৫ জানুয়ারি শহরের নলুয়াপাড়া এলাকায় যৌতুকের দাবিতে এবং স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় বাদশা মিয়া স্ত্রী জেনিকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করা হয় জেনিনের পরিবার থেকে। এ ঘটনায় নিহত জেনির বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে বাদশাকে আসামি করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে বাদশা পলাতক ছিলেন। গত ১ ফেব্রুয়ারি বাদশার প্রেমিকা ফাতেমা আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। জবানবন্দীতে ফাতেমা তাঁদের সম্পর্ক থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার রাজসাক্ষী হন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আতিয়ার জানান, বাদশা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।