আদালতে স্বীকারোক্তি দিলেন এক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামছুল ইসলামকে মদ পান করানোর পর চেতনানাশক দিয়ে অজ্ঞান করে জবাই করে হত্যা করা হয়। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়।
৪ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমনটা জানিয়েছেন ধুনটের রাঙামাটি গ্রামের বদিউজ্জামান ওরফে বদি (৪০)। ৫ আগস্ট বগুড়ার বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন।
জবানবন্দিতে বদিউজ্জামান উল্লেখ করেন, খুনের আগে সৎ ছেলে মুকুলের সঙ্গে তিনি পরামর্শ করেন। মুকুল প্রতিবেশী শান্তি এবং পশ্চিম কান্তনগর গ্রামের জাহাঙ্গীর ও লিটনকে ঢাকা থেকে ডেকে আনেন। পরিকল্পনা অনুযায়ী তাঁরা তিনজন ঢাকা থেকে আসার সময় এক বোতল মদ ও চেতনানাশক আনেন। গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রাঙামাটি গ্রামের পাশে খোকশাহাটার কাছে মুকুলসহ চারজনই শামছুলের সঙ্গে মদ পান করেন। এ সময় নাকে চেতনানাশক দিয়ে শামছুলকে অজ্ঞান করা হয়। শামছুলকে চারজন মিলে ধারালো চাকু দিয়ে জবাই করে এবং পেটে ছুরি মেরে হত্যার পর পাশের একটি কালভার্টের কাছে ফেলে রাখে। পরদিন সকালে শামছুলের লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির এসআই খন্দকার আবদুর রহমান বলেন, বেশ কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে শামছুলের প্রতিবেশী বদিউজ্জামানকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। তিনি স্বেচ্ছায় শামছুল ইসলামকে খুনের আদ্যোপান্ত বর্ণনা করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন আদালতেও। তিনি আরও বলেন, হয়রানির উদ্দেশ্যেই এই হত্যা মামলায় নিরীহ ১৪ জনকে ফাঁসানো হয়েছিল।