পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আবুবকর সিদ্দিক (৬) নামের এক শিশুকে অপহরণের দায়ে গ্রেপ্তার মাহামুদুল হাসান (২০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শনিবার বিকেলে মাহামুদুল মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মিজানুল হক জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিউমার্কেট থানার কাছ থেকে শিশুটিকে উদ্ধার ও মাহামুদুলকে পুলিশ গ্রেপ্তার করে। গত শুক্রবার তাদের মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। গতকাল শনিবার দুপুরে উদ্ধার হওয়া শিশু ও মাহামুদুলকে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। বিকেলে মাহামুদুল বিচারক এ কে এম কামাল উদ্দিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। মুক্তিপণ আদায়ের জন্য সে শিশুটিকে অপহরণ করেছে বলে জবানবন্দিতে স্বীকার করে। জবানবন্দি দেওয়ার পর মাহামুদুলকে কারাগারে পাঠানো হয়েছে এবং শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়।
গত ১৩ অক্টোবর সকালে উপজেলার সাপলেজা বাজার থেকে আবুবকর সিদ্দিককে অপহরণ করে প্রতিবেশী মাহামুদুল হাসান। এ ঘটনায় রাতে শিশুটির নানি জাকিয়া বেগম বাদী হয়ে মাহামুদুল প্রধান আসামি করে থানায় অপহরণ মামলা করেন।
গত শুক্রবার প্রথম আলোয় ‘মঠবাড়িয়ায় অপহৃত শিশু ঢাকায় উদ্ধার একজন গ্রেপ্তার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।