টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দলটির দুই নেতা গতকাল শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ওই দুজন হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম এবং অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সরকার। এ নিয়ে মামলাটিতে ছয়জন স্বীকারোক্তি দিলেন।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা অশোক কুমার সিংহ বলেন, তিন দিনের রিমান্ড শেষে গতকাল ওই দুজনকে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আনা হয়। সেখানে তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম রূপম কান্তি দাস উভয়ের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এর আগে ১৪ মার্চ রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, এর অগে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ভারই মধ্যপাড়া গ্রামের মাঈনুল হাসান, শওকত হোসেন, নাসিরউদ্দিন রানা ও অলোয়া ইউপির সদস্য মকবুল হোসেন তরফদার ওই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে তাহেরুল ইসলাম, নুরুল ইসলামসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম বের হয়ে আসে।
গত ৬ ডিসেম্বর সকালে নিজ গ্রাম ভারই মধ্যপাড়ায় পুকুরপাড় থেকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিনই তাঁর ভাই ফজলুল করিম থানায় মামলা করেন। পরে তিনি ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে একটি সম্পূরক মামলা করেন। আদালত ডিবিকে মামলা দুটি তদন্তের আদেশ দেন।