আদালতে স্বীকারোক্তি দিলেন গ্রেপ্তার নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে কলেজছাত্র মাহফুজ সরকার নিখোঁজ হওয়ার ঘটনায় গত সোমবার রাবেয়া আক্তার নামের এক নারী গ্রেপ্তার হন। গতকাল বুধবার আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাবেয়া বলেন, মাহফুজকে খুন করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদ রাবেয়ার জবানবন্দি রেকর্ড করেন। আদালত সূত্রে জানা যায়, মাহফুজ (২২) নরসিংদী সরকারি কলেজের বিএ (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাহফুজের বাড়ি নরসিংদী পৌর শহরের বানিয়াছল মহল্লায়। তাঁর বাবার নাম আবদুল হান্নান সরকার।

রাবেয়া জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিহারা গ্রামে। স্বামীর নাম আল মামুন। তিনি নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া মহল্লার একটি বাড়িতে ভাড়া থাকতেন। শহরের ইনডেক্স প্লাজার একটি টেইলার্সে কাজ করেন তিনি। মাহফুজকে আগে থেকে চিনতেন তিনি। সে কারণে তাঁর বাসায় নিয়মিত যাতায়াত ছিল মাহফুজের। হত্যার কিছুদিন আগে বাসায় একা পেয়ে রাবেয়ার ছোট ছেলেকে বলাৎকার করেন মাহফুজ। জানার পর তিনি খুবই ক্ষুব্ধ হন। পরে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ভাইয়ের ছেলে মো. শাহাদাতকে সহযোগী হিসেবে যুক্ত করেন রাবেয়া। ২৬ মে মাহফুজকে বাসায় ডেকে আনা হয়। বাসায় আসার পরপরই তাঁকে ছুরিকাঘাত করা হয়। লুটিয়ে পড়লে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মাহফুজের মৃত্যু নিশ্চিত করেন তাঁরা। এরপর লাশ কয়েক টুকরা করে ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখা হয়। পরদিন রাবেয়া বাজার থেকে ট্রাভেল ব্যাগ কিনে আনেন। পরে ট্রাভেল ব্যাগে লাশ ঢোকানো হয়। ব্যাগ নিয়ে তাঁরা যান নরসিংদী থানা ঘাটে। সেখান থেকে ট্রলারে করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে লাশ ফেলে দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২৬ মে ছিল শুক্রবার। সেদিন দুপুর পর্যন্ত মাহফুজ ঘরেই ছিলেন। এরপর বাজারে যাওয়ার কথা বলে তিনি ঘর থেকে বের হন। এর কিছুক্ষণ পর থেকে মাহফুজের দুটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিনও বাড়ি ফিরে না আসায় নরসিংদী সদর মডেল থানায় মাহফুজের বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৯ মে মাহফুজের ব্যবহৃত একটি মুঠোফোন থেকে তাঁর বাবার মুঠোফোনে কল আসে। ফোন করে মাহফুজকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। দাবি অনুযায়ী বিকাশের মাধ্যমে পরিবারের সদস্যরা টাকা পাঠান।

মাহফুজের বাবা আবদুল হান্নান বলেন, ‘দাবি অনুযায়ী টাকা পাঠানোর পরও মাহফুজকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল না। ফোনও বন্ধ করে দেওয়া হয়। শেষে ৩০ মে আমি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অপহরণ মামলা করি। এরপর পুলিশ অভিযানে নামে।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, রাবেয়াকে রাঙ্গামাটিয়া মহল্লার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। তবে মাহফুজের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।