আদালতে স্বীকারোক্তি দিলেন গ্রেপ্তার সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর পারে বেড়াতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়া রাজু মিয়ার (২২) হত্যাকারী মো. সুমন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া এক নারীও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিচারিক হাকিম আয়েশা বেগম তাঁদের জবানবন্দি রেকর্ড করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার গতকাল শনিবার এ তথ্য জানান।

সুমন ও সঞ্চিতা বেগম নামের ওই নারীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ায়। তাঁদের গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় সঞ্চিতার ভাই হৃদয় মিয়াকে (২৫) কিশোরগঞ্জ আদালত থেকে একই দিনে গ্রেপ্তার দেখানো হয়।

সুমন জবানবন্দিতে বলেন, হৃদয়, আবু হানিফা ও সে মিলে একটি মোটরসাইকেলে করে আশুগঞ্জে বেড়াতে যান। সেখানে নদীর পারে তিনটি ছেলেকে মুঠোফোনের ক্যামেরায় ছবি তুলতে দেখে আবু হানিফা তাঁদের কাছে যান। পরে তিনজনের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় রাজু ধাওয়া করলে আবু হানিফা কোমর থেকে ছুরি বের করে তাঁকে আঘাত করেন। পরে ভৈরবে এলে হৃদয় একটি ফোনসেট সুমনকে দেন। ওই সেটটি তিনি ১ হাজার ২০০ টাকায় হৃদয়ের বোন সঞ্চিতার কাছে বিক্রি করেন।

সঞ্চিতা জবানবন্দিতে বলেন, তাঁর ভাইয়ের বন্ধু সুমন বিপদে পড়ে ফোনটি বিক্রি করতে চান। তিনি সেটি কেনার পর তাঁর স্বামী সেটি ব্যবহার শুরু করেন। গ্রেপ্তার হওয়ার পর তিনি খুনের বিষয়টি জানতে পারেন।

ওসি বদরুল আলম তালুকদার বলেন, ‘রাজু হত্যাকাণ্ডের খুনিরা পেশাদার অপরাধী। তাঁদের বিরুদ্ধে চুরি-ছিনতাই ও খুনের মামলা রয়েছে। অপর খুনি হৃদয়কে অন্য একটি মামলায় ভৈরব থানার পুলিশ গ্রেপ্তার করে। পরে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে তাঁকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অপর খুনি আবু হানিফাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিহত রাজু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের বাসিন্দা। ঈদ উপলক্ষে দুই আত্মীয়কে নিয়ে ৬ জুলাই আশুগঞ্জে বেড়াতে এসে খুন হন। এ ঘটনায় তাঁর বড় বোন সনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।