আদালতে স্বীকারোক্তি দিলেন দুই আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলামকে (৮) অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই দুই আসামি হলেন মো. আসলাম ও মো. রবিন।
গতকাল রোববার বিকেলে তাঁরা শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে সন্ধ্যায় আদালতের নির্দেশে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের বরাত দিয়ে সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আসামিরা জবানবন্দি দেন।
শনিবার রাতে শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে আরাফাতের লাশ চাপাতলী পৌর গোরস্থানে দাফন করা হয়। ২ আগস্ট শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে দুর্বৃত্তরা আরাফাতকে অপহরণ করে। পরে তাকে নালিতাবাড়ীর গারো পাহাড়ে হত্যা করে। শনিবার পুলিশ পাহাড়ের বুরুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তার গলিত লাশ উদ্ধার করে। আরাফাত শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।