
খুলনায় বাবা ও মেয়েকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে গুম করার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া মো. লিটন (২৮)। হত্যার দায় স্বীকার করে আজ সোমবার দুপুরে খুলনা মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে এ জবানবন্দি দেন লিটন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি মনিরুজ্জামান মিঠু ও লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।
লিটনের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে মোশাররফ হোসেন বলেন, উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা (২৬) ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরীকে (৬০) হত্যা করেন লিটনসহ চারজন। হত্যার আগে পারভীনকে পালাক্রমে ধর্ষণ করেন তাঁরা। এরপর তাঁদের লাশ গুম করতে সেপটিক ট্যাংকে ঢুকিয়ে রাখা হয়।
মোশাররফ হোসেন বলেন, পারভীনকে বুড়ো মৌলভীর দরগা এলাকার লিটনসহ কয়েকজন নানা ভাবে উত্ত্যক্ত করত। এর মধ্যে কয়েক মাস আগে পারভীন সুলতানাকে রাস্তায় লিটন ওড়না ধরে টান দেন। এতে ক্ষিপ্ত হয়ে পারভীন নিজের হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে লিটনকে আঘাত করেন। এর প্রতিশোধ নিতে স্থানীয় আরও চারজনকে সঙ্গে নিয়ে ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ছয়টার দিকে মই দিয়ে দেয়াল পার হয়ে পারভীনদের বাড়িতে প্রবেশ করেন তাঁরা। ওই সময় দরজা খোলা থাকায় তাঁরা ঘরে ঢুকে প্রথমেই বাবা ইলিয়াস চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করেন। তাঁর চিৎকারে মেয়ে পারভীন এগিয়ে গেলে তাঁকে প্রথমে ধর্ষণ করা হয় এবং পরে হত্যা করা হয়। পরে ঘরের বাইরের সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে লাশ গুমের চেষ্টা করা হয়। গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটিয়ে তাঁরা পালিয়ে যাওয়ার সময় আলমারি থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে এ টাকা ভাগাভাগি করে যে যার মতো চলে যায়। এরপর অন্য চারজন আত্মগোপনে গেলেও লিটন তা করেনি। জবানবন্দি শেষে লিটনকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মোশারফ হোসেন আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল রোববার রাতে নগরীর বুড়ো মৌলভীর মাজার এলাকা থেকে লিটনকে আটক করা হয়। এরপর থানায় রেখে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিতে রাজি হন। সে মোতাবেক সোমবার সকাল ১০টায় তাকে খুলনা মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে নেওয়া হয়।