পাবনার সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মিজানুর রহমানকে (১২) হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া জীবন হোসেন (১৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত মঙ্গলবার পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, মিজানুর হত্যার পর থেকে জীবন পলাতক ছিল। গত সোমবার রাতে নাটোরের লালপুরে নানাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জীবনের বাড়ি সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামে। সে শহরে একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করে। কিছুদিন আগে ওই গ্রামের ষষ্ঠ শ্রেণিতে পড়া এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়। কিন্তু হঠাৎ করেই মেয়েটি তাকে আর পাত্তা দিচ্ছিল না। পরে মেয়েটির সঙ্গে মিজানুরের সম্পর্ক গড়ে ওঠে। এতে তার মনে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে সে মিজানুরকে হত্যার সিদ্ধান্ত নেয়। সহযোগিতার জন্য তার বন্ধু আশিককে বিষয়টি জানায়। এরপর দুই বন্ধু প্রথমে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ও এক বোতল অ্যাসিড নিয়ে মিজানকে হত্যার জন্য তার গ্রামের বাড়িতে যায়। সেখানে তাকে না পেয়ে তারা গ্রামে ফিরে আসে। গত শুক্রবার রাত আটটার দিকে ওই গ্রামের সাধুপড়া মহল্লায় তাদের সঙ্গে মিজানের দেখা হয়। তারপর তারা গল্প করার কথা বলে পাশের একটি ইটভাটায় যায়। সেখানে কথা বলার একপর্যায়ে জীবন প্রথমে ইট দিয়ে মিজানুরের মাথায় আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গেলে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে জীবনকে কারাগারে পাঠানো হয়েছে। শিগগিরই আশিককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মিজানুর পাবনার বেড়া উপজেলার রাজনারায়ণপুর গ্রামের হারুনর রশিদের ছেলে। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সে পাবনা সদরে তার ফুফুর বাড়িতে থেকে সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। এর মধ্যেই গ্রামের একটি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়। বিষয়টি নিয়ে দুই মাস আগে ফুফু তাকে বাবার কাছে পাঠিয়ে দেন। স্কুলে পরীক্ষার শুরুর সংবাদে গত শুক্রবার মিজান পাবনায় আসে। শনিবার গ্রামের একটি ইটভাটার পাশে তার লাশ পাওয়া যায়। ওই ঘটনায় মিজানের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।