বগুড়ায় যুবলীগের দুই কর্মী হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সহসভাপতি ও শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আবু জাফর সিদ্দিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত শনিবার রাতে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেঞ্চদ শাহরিয়ার তারিকের আদালতে তিনি এ জবানবন্দি দেন। গত ২৬ মে আবু জাফরের বাসায় খুন হন জেলা যুবলীগের কর্মী মজনু মিয়া (৪২) ও তাঁর ভাতিজা যুবলীগের কর্মী নাহিদ হাসান (৩০)। জবানবন্দিতে আবু জাফর এই হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করলেও তাঁর বাসায় ওই দিন কে কে অবস্থান করছিল, তা জবানবন্দিতে উল্লেখ করেছেন। ঘটনার দিন স্বেচ্ছাসেবক লীগের হরতালবিরোধী মিছিলের জন্য দলের নেতা-কর্মীরা তাঁর বাসায় উপস্থিত হন। এ সময় তিনি বাসার নিচতলায় নেতা-কর্মীদের বসার ব্যবস্থা করে ওপর তলায় যান। কিছুক্ষণ পর শব্দ শুনে নিচে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে।