আদালতে হট্টগোল, ক্ষমা চাইলেন এক আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত প্রাঙ্গণে গতকাল খালেদা জিয়া l ছবি: প্রথম আলো
আদালত প্রাঙ্গণে গতকাল খালেদা জিয়া l ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার শুনানিকালে আদালতে হট্টগোল হয়েছে। পরে খালেদা জিয়ার এক আইনজীবী ক্ষমা প্রার্থনা করলে আদালত তাঁকে ক্ষমা করে দেন।

খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেন। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে তাঁর অসমাপ্ত বক্তব্যের জন্যও আদালত একই দিন ধার্য করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।

খালেদা জিয়া গতকাল আদালতে উপস্থিত ছিলেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে হাজির হন। তাঁর আইনজীবীরা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার বাকি বক্তব্যের জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ১২ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। এরপর শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি। খালেদা জিয়ার আইনজীবীরা ঘটনার অনুসন্ধান কর্মকর্তা দুদকের তৎকালীন পরিচালক নূর আহমেদকে আবার জেরা করার আবেদন জানান। আদালত বেলা পৌনে দুইটার দিকে মধ্যাহ্ন বিরতি দেন। বিরতিতে খালেদা জিয়া ও আদালতে উপস্থিত আইনজীবী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতারা হালকা খাবার খান।

মধ্যাহ্ন বিরতির পর বেলা আড়াইটার দিকে আবার শুনানি শুরু হয়। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা বলতে থাকেন, খালেদা জিয়া অসুস্থ। তিনি দুপুরের খাবার ও ওষুধ খেতে পারেননি। নামাজ পড়তে পারেননি। হট্টগোলের একপর্যায়ে আইনজীবী হোসেন আলী খান হাসান টেবিল চাপড়াতে থাকেন। আদালত আইনজীবী হোসেন আলীকে ক্ষমা চাইতে বলেন, তা না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ সময় জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আইনজীবী হোসেন আলী ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আদালত তাঁকে ক্ষমা করেন।

পরে আদালত খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে ১২ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। এরপর খালেদা জিয়া আদালত ত্যাগ করেন।

খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, আদালত আবেদন মঞ্জুর করে ১২ জানুয়ারি তারিখ ধার্য করেছেন। শুনানিকালে হট্টগোলের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।