আদালতে হত্যার বর্ণনা দিলেন তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাসকে কীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই বর্ণনা দিয়ে আংশিক সাক্ষ্য দিয়েছেন সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম আকন্দ। তিনি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা। আজ সোমবার তাঁর বাকি সাক্ষ্য গ্রহণ করা হবে।

গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৩ সেপ্টেম্বর রিকশাচালক রিপনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। গতকাল এ মামলায় তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলমের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ১৫ সেপ্টেম্বর এই সাক্ষীর প্রতি সমন দিয়েছিলেন আদালত। সাক্ষী মাহবুবুল আলম আকন্দ গতকাল আদালতকে বলেন, তিনি এ মামলায় তদন্তের দায়িত্ব পাওয়ার পর মামলার কাগজপত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনা করেন। তাতে দেখা যায়, আসামি রাজন তালুকদারের মাথায় সাদা টুপি ও মুখে রুমাল বাঁধা ছিল। তাঁর হাতে রক্তমাখা ছুরি ছিল। পরে যে ডেন্টাল ক্লিনিকের দ্বিতীয় তলায় বিশ্বজিৎকে মারধর করা হয়েছিল, সেখানকার সিঁড়ি দিয়ে আসামি রাজন তালুকদারকে নেমে যেতে দেখা যায়।

সাক্ষী আরও বলেন, আসামি রফিকুল ইসলাম ফুলহাতা শার্ট ও জিনসের প্যান্ট পরা ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, আসামি রফিকুল ইসলাম বিশ্বজিৎকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ক্লিনিকের বারান্দা দিয়ে নেমে যান।

গতকাল মাহবুবুল আলম বলেন, আরেক আসামি খন্দকার ইউনুস সাদা সোয়েটার পরা ছিলেন। তিনিও ক্লিনিকের বারান্দায় বিশ্বজিৎকে মারধর করেন। পরে বিশ্বজিৎকে টেনেহিঁচড়ে ক্লিনিকের নিচে নামান। এ ছাড়া আসামি কাইয়ুম লাল গেঞ্জি পরা ছিলেন। তাঁর হাতে কাঠের রোল ছিল, এটা দিয়ে তিনি বিশ্বজিৎকে মারধর করেন। এ ছাড়া আসামি আলাউদ্দিনের পরনে ছিল সাদা সোয়েটার এবং লাল শার্ট; চোখে চশমা পরা ছিলেন আসামি ওবায়দুল কাদের। ক্লিনিকের বারান্দায় আসামিরা মারধর করেন এবং বিশ্বজিৎকে কুপিয়ে ক্ষতবিক্ষত করতে সাহায্য করেন।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন। এ মামলায় ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক।