আদালতে হাজির না হওয়ায় বাদীসহ সাক্ষীদের বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে (তৃতীয়) শেখ হাসিনা হত্যা চেষ্টার মামলায় সাক্ষ্য না দেওয়ায় মামলার বাদী সিলেট কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খয়ের মাতুব্বরসহ চারজন সাক্ষীর বিরুদ্ধে সমন জারি হয়েছে। গতকাল বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত তারিখে ওই পাঁচজন হাজির না হওয়ায় বিচারক মনজুরুল হক খান এক আদেশে এই সমন জারি করেন। আগামী ৬ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য তিনি নতুন তারিখ ধার্য করেন।আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভামঞ্চের অদূরে নগরের ফাজিচিস্তা এলাকায় বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এ ঘটনায় ওই সময় সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খয়ের মাতুব্বর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। ২০০৬ সালে হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন। পরবর্তী সময়ে কোতোয়ালি থানায় দায়ের করা মামলাটি শেখ হাসিনাকে হত্যা চেষ্টা হিসেবে রূপান্তর করে হরকাতুল জিহাদের জঙ্গি মুফতি হান্নানসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।আদালতে বিচার চলমান এই মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের দিন মুফতি হান্নানসহ অভিযুক্ত আসামিদের হাজির করা হলেও বাদীসহ সাক্ষীদের অনুপস্থিতির কারণে সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। এ জন্য আদালত এক আদেশে বাদীসহ মামলার সাক্ষী সিলেটের রইছ আলী, রফিকুল ইসলাম, শিপন মিয়া ও আবুল কালামের বিরুদ্ধে সমন জারি করেন।উল্লেখ্য, মামলায় ছয় আসামির মধ্যে দুই আসামি আরিফ আহমদ রিফা ও শেখ শাহজাহান বর্তমানে জামিনে রয়েছেন। বাকিরা কারাবন্দী।