সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে গতকাল বুধবার আসামিদের মধ্যে শুধু সাময়িক বরখাস্ত সিটি মেয়র আরিফুল হক চৌধুরী হাজির ছিলেন। অন্য আসামিরা অনুপস্থিত থাকায় গতকাল সাক্ষ্যগ্রহণ হয়নি।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর বলেন, অন্যান্য মামলার কারণে আসামিদের আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় বিচারক মকবুল আহসান আজ বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যা মামলার বিচার চলছে।
মামলায় নতুন করে অভিযুক্ত হন আরিফুল হক চৌধুরী। অসুস্থ মা আমেনা খাতুনকে দেখতে আরিফুলকে ১৫ দিনের জামিন দিয়েছেন উচ্চ আদালত। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত মঙ্গলবার সিলেটে পৌঁছে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান এবং নিজেও অসুস্থ অবস্থায় সিলেটের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, গতকাল মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকায় আরিফুলকে হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়েছিল।