সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানাতে আদালতে হাজির হলেন মামলার তদন্ত কর্মকর্তা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কর্মকর্তা জাফর উল্লাহ আদালতে হাজির হন। বেলা ১১টার দিকে বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুর দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন। এরপর বেলা সোয়া ১১টার দিকে তদন্ত কর্মকর্তা জাফর উল্লাহ আদালত চত্বর ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ফাইল না আসায় আদালত দুপুর দুইটায় শুনানির সময় নির্ধারণ করেছেন।
গত ১৮ ফেব্রুয়ারি এই হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানাতে তদন্ত কর্মকর্তাকে ৫ মার্চ (আজ) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তদন্ত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে র্যাবের মহাপরিচালককেও (ডিজি) বলা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন আসামির জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন।
এই নির্দেশনা অনুসারে আজ তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়েছেন বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ। ইতিমধ্যে ওই দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর জামিন আবেদনকারীর কৌঁসুলি বিষয়টি শুনানির জন্য বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চে উপস্থাপন করেন।
আবেদনকারীদের আইনজীবী মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, বিচারপতি শওকত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি আজ শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। ওই মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে ১০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। এই তিন আসামি গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন। এই আবেদনের শুনানিকালে গত ১৮ ফেব্রুয়ারি এ আদেশ দেওয়া হয়।