আদালতে হাজিরা দিতে এসে হামলার শিকার বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল রোববার আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের লোকজন ওই হামলা চালিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০১২ সালে কটিয়াদী উপজেলার চানপুর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর শরীফ মিয়া হত্যা মামলার আসামি বাচ্চু মিয়া ও তাঁর ছেলে নাঈম গতকাল দুপুরে বিচারিক হাকিম আদালতে হাজিরা দেন। হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালত প্রাঙ্গণে পুলিশ বক্সের সামনেই দুর্বৃত্তরা তাঁদের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুজনকেই চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশ আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। তবে নাঈমের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাঈমের দাদা হাবিবুর রহমান অভিযোগ করেন, মৃত শরীফের ভাই ইকবাল ও ফারুক শহরের ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা করিয়েছেন। এ বিষয়ে ইকবাল ও ফারুকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

ওসি আনিছুর রহমান জানান, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।