সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিনে মুক্ত দুই আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছ গতকাল বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন।
গতকাল সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় বিচারক মকবুল আহসান আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর জানান, জামিনে থাকা আরিফুল, গউছসহ মামলার নয়জন আসামি হাজির ছিলেন। তবে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।