আদালতে হাফিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউ-এফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান মামলায় প্রধান আসামি হাফিজুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার বিকেল পাঁচটা থেকে চট্টগ্রাম মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ জবানবন্দি নেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হাফিজের জবানবন্দি আগে অস্ত্র আটক মামলায় নেওয়া হয়েছিল। এখন ওই অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান আইনের মামলায় তিনি জবানবন্দি দিচ্ছেন। আদালত সূত্রে জানা যায়, ১০ ট্রাক অস্ত্রের উত্স এবং পরিবহনকারী জাহাজের নাম জানার জন্য হাফিজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। গত ১৪ জানুয়ারি এ বিষয়ে শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বুধবার সকালে তাঁকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা সিআইডি। জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার রাত নয়টায় তাঁকে ফের চট্টগ্রামে নিয়ে আসে সিআইডি পুলিশ। জানা যায়, গতকাল দুপুর পৌনে ১২টায় হাফিজকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগে তাঁকে সময় দেন আদালত। বিকেল পাঁচটা নাগাদ হাফিজ জবানবন্দি দেওয়া শুরু করেন। এর আগে গত বছরের ২ মার্চ হাফিজ ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ওই জবানবন্দিতে ১০ ট্রাক অস্ত্র খালাস ও পাচারের চেষ্টায় জড়িত দুই গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নাম বেরিয়ে আসে। আর অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলেও হাফিজ আদালতকে জানিয়েছিলেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিএফইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস হয়। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার ও ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাকে পুলিশ বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে। ওই অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি আলাদা মামলা হয়।