হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের ওপর কারাগারের ভেতরে হামলাকারী ইলিয়াস মিয়া ওরফে ছোটন গতকাল সোমবার হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
হবিগঞ্জ বিচারিক হাকিম আদালত-১-এ এ জবানবন্দি নেওয়া হয়। বিচারক কৌশিক আহমেদ খন্দকার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ইলিয়াসের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে ইলিয়াসকে আবার কারাগারে পাঠানো হয়। এ প্রসঙ্গে গতকাল রাত আটটায় সদর মডেল থানার পুলিশ সংবাদ সম্মেলন করে। সেখানে হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার জানান, জবানবন্দিতে ইলিয়াস মিয়া বলেন, জি কে গউছ তাঁর (ইলিয়াস) সঙ্গে চুক্তি করেছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহিরকে হত্যার জন্য। এ দুজনকে হত্যা করলে ১২ কোটি টাকা দেওয়ার কথা ছিল জি কে গউছের। এ ছাড়া তাঁকে জামিনে কারাগার থেকে বের করারও কথা ছিল। চুক্তি অনুযায়ী তাঁকে অগ্রিম ১০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির কোনো শর্ত মানেননি জি কে গউছ। তাই তিনি ঈদুল ফিতরের দিন কারাগারের অভ্যন্তরে ঈদের নামাজের পর জি কে গউছের ওপর হামলা করেন।
আদালতে জবানবন্দির পাশাপাশি তিন দিনের পুলিশি রিমান্ডে থাকা অবস্থায়ও ইলিয়াছ একই বক্তব্য দেন।
ইলিয়াছ কারাগারে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর আইনজীবীরও খোঁজ মেলেনি।
ইলিয়াসের এই জবানবন্দিকে নতুন করে ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু বলেন, জি কে গউছকে কারাগারের ভেতরে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আর এতে ব্যবহার করা হচ্ছে দুটি হত্যা মামলার আসামি ইলিয়াসকে।
জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার একজন অভিযুক্ত আসামি। তিনি ২৮ ডিসেম্বর থেকে হবিগঞ্জ কারাগারে ছিলেন। ঈদের দিন হামলার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসা শেষে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।
হামলার ঘটনায় জেলা কারাগার কর্তৃপক্ষ হবিগঞ্জ থানায় এবং জি কে গউছের ছোট ভাই জি কে গাফ্ফার হবিগঞ্জ আদালতে মামলা করেছেন।