আদালতে হামিদুল ও রিপনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়ানোর কথা বলে বিদ্যালয়ের ছাত্র রমজান সিকদারকে (৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ির বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। উদ্দেশ্য ছিল মুক্তিপণ আদায়। পরে তাকে শেরপুর জেলার নকলা থানার ধনাকোষা এলাকায় নেওয়া হয়। কিন্তু রমজান কান্নাকাটি করতে থাকায় তাকে গলা টিপে হত্যা করা হয়।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানান দুই আসামি হামিদুল ও রিপন মিয়া। জবানবন্দিতে হামিদুল বলেন, তাঁর মামাতো বোন পোশাকশ্রমিক আফরোজা সাত-আট বছর সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে রমজানদের বাড়িতে ভাড়া ছিলেন। বর্তমানে তিনি টঙ্গীতে থাকেন। কয়েক মাস ধরে তিনি বেকার। ৪ সেপ্টেম্বর তিনি বাসায় এসে দেখেন আফরোজা তাঁর বাসায়।
হামিদুল বলেন, আফরোজা তাঁকে জানান, তিনি বাড়ির মালিকের ভাতিজা রমজানকে অপহরণ করে মুক্তিপণ আদায় করবেন। ওই দিন বেলা তিনটার দিকে আফরোজা বেড়ানোর কথা বলে রমজানকে চৌধুরীবাড়ি এলাকায় নিয়ে যান। পরে তিনি রিপনের মাধ্যমে হামিদুলকে ওই এলাকায় যেতে বলেন। তাঁরা দুজন সেখানে গিয়ে দেখেন, আফরোজা রমজানকে ভাত খাওয়াচ্ছেন। সেখান থেকে তাঁরা মহাখালী হয়ে বাসে করে গ্রামের বাড়ি শেরপুরের নকলায় যান। রাত তিনটায় গ্রামের বাড়িতে পৌঁছান।
হামিদুল বলেন, ভোরে রমজান ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে। কিছুতেই তার কান্না থামানো যাচ্ছিল না। পরে বাড়ির পাশে সেতু থেকে আফরোজা রমজানকে নিচে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিলে তিনি ধরে ফেলেন। এরপর রিপন রমজানের মুখ চেপে ধরেন এবং আফরোজা গলা টিপে ধরেন। চার-পাঁচ মিনিটের মধ্যে ছেলেটির মৃত্যু হয়। পরে লাশ সেতুর কাছে ফেলে তাঁরা চলে যান।
হামিদুল জবানবন্দিতে আরও বলেন, ওই দিন রাতে তিনি খবর পান, তাঁর মা, ছোট বোন ও ভাইকে রমজানের বাবা-মা আটকে রেখেছেন। তাঁরা হামিদুলের শ্বশুরবাড়িতে ফোন করে রমজানকে ফেরত চান। পরে তিনি তাঁর জ্যাঠাতো ভাই সালামকে ফোনে ঘটনা খুলে বলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, হামিদুল ও রিপন দুজনই আদালতে স্বাকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।