সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী মাহমুদ হোসেন সৈকত (২৮) খুনের মামলায় ছাত্রদলের ১১ কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করলে ১১ জনকে জেলে পাঠানোর আদেশ দেন আদালত। ছাত্রদলের কর্মী সৈকত হত্যা মামলায় ওই ১১ জন ছাড়াও মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার প্রধান আসামি। গত ৩ এপ্রিল ঢাকা থেকে দিনার এক বন্ধুসহ ‘নিখোঁজ’ হন। দিনারের নিখোঁজ ঘটনায় তাঁর স্ত্রী প্রিন্সিলা পারভীন ঢাকার বনানী থানায় স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক সামসুজ্জামান জামানসহ ১৭ জনকে আসামি করে ‘অপহরণ’ মামলা করেন। আদালত সূত্র জানায়, গত ২২ মার্চ রাতে ছাত্রদলের কর্মী সৈকত দলীয় কর্মীদের হাতে খুন হন।এ ঘটনায় সৈকতের মা রিনা বেগম পরদিন সিলেটের কোতোয়ালি থানায় দিনারসহ ছাত্রদলের আরও ১৬ ক্যাডারকে আসামি করে মামলা করেন। ছাত্রদলের নেতাসহ আসামিরা এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনায় গতকাল নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মামলার আসামি আতিকুর রহমান (২২), রাহাত খান (২৪), আইনুল হক (২৭), দেওয়ান জাকি (২২), এম এ খায়ের (২৫), সেলিম ওরফে মামা সেলিম (৩৪), মিজানুর রহমান (৩০), আবদুর রউফ (৩০), জাহাঙ্গীর আলম (২৬), শফি আহমদ (২৭) ও শামীম আহমদ (৩০)।