রাজধানীর শাহ আলী থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবীর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী রহিমা সুলতানা গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি জবানবন্দি দেন।
এএসআই হুমায়ুন কবীরের লাশ গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর থানাধীন পূর্ব মনিপুরের কাঁঠালতলার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তখন রহিমাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তিনিসহ তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা করা হয়। রহিমাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মিরপুর থানার এসআই কামরুল হাসান গতকাল বলেন, আদালতে জবানবন্দিতে রহিমা ইনজেকশনের মাধ্যমে হুমায়ুনের শরীরে চেতনানাশক ওষুধ দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেছেন, হত্যার উদ্দেশ্যে নয়, ঘুম পাড়ানোর উদ্দেশ্যে তা দেওয়া হয়েছে। জবানবন্দির পর রহিমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মিরপুর থানার পুলিশ জানায়, স্ত্রী ও দেড় বছরের সন্তান নিয়ে কাঁঠালতলার ওই বাসায় থাকতেন হুমায়ুন। শনিবার রাত আটটা থেকে শাহ আলী থানা এলাকায় তাঁর দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি আসেননি। রাত ১১টার দিকে রহিমা শাহ আলী থানায় ফোন করে জানান, হুমায়ুন মারা গেছেন। শাহ আলী থানার পুলিশ বিষয়টি মিরপুর থানায় জানায়। পরে উভয় থানার পুলিশ রাত ১২টার দিকে ওই বাসায় গিয়ে একটি ঘরের মেঝে থেকে হুমায়ুনের লাশ উদ্ধার করে। তখন ওই বাসায় রহিমা ও তাঁর সন্তান ছিল। সন্দেহ হওয়ায় রহিমাকে আটক করে মিরপুর থানায় নিয়ে আসা হয়।
ময়নাতদন্তের জন্য হুমায়ুনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। মিরপুর থানার এসআই আহসান হাবিব রোববার বলেন, রহিমা মিরপুরের একটি হাসপাতালের সেবিকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, শনিবার সকালে পারিবারিক বিষয়ে হুমায়ুনের সঙ্গে তাঁর ঝগড়া হয়। তখন বাসায় দুজন অতিথি ছিলেন। হুমায়ুন চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। চেঁচামেচি থামাতে ঘুম পাড়ানোর জন্য অতিথিদের সহযোগিতায় হুমায়ুনের শরীরে ইনজেকশনের মাধ্যমে চেতনানাশক ওষুধ দেওয়া হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
এসআই আহসান বলেন, ওই বাসা থেকে একটি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। অতিথি দুজনকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় রহিমাসহ তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা করা হয়েছে।
হুমায়ুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভবানীপুর। ২০০৮ সালে ভালুকার রহিমার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ লেগেই ছিল।
রোববার ময়নাতদন্ত শেষে হুমায়ুনের লাশ রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।