ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার ৩৩ আসামির মধ্যে ৩০ জনকে গতকাল মঙ্গলবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে।
ফেনীর মুখ্য বিচারিক হাকিম মো. মফিজুর রহমান ভূঁঞার আদালতে ওই আসামিদের হাজির করার পর আদালত আগামী ১ এপ্রিল সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আদালত পুলিশের পরিদর্শক (এসআই) আবু জাফর মো. সালেহ জানান, চেয়ারম্যান একরাম হত্যা মামলার অন্যতম আসামি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলসহ ফেনী কারাগারে আটক ৩০ জন আসামিকে ওই আদালতে হাজির করা হয়। মুখ্য বিচারিক হাকিম মামলার নথিপত্র দেখে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পরে আসামিদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
এই মামলার গ্রেপ্তার অপর তিন আসামির মধ্যে প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার ঢাকায় কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন এবং দুজন জামিনে মুক্ত রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় গত ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং আদালত ১২ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন। ইতিমধ্যে আসামিদের মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।