চাঁদপুরের একাধিক হত্যা মামলার আসামি সেই রসু খাঁ গতকাল রোববার একটি মামলার শুনানির সময় আরেক আসামির ওপর হামলা চালিয়েছেন। এ ছাড়া সাক্ষ্য দেওয়ার সময় তিনি একজন পুলিশ কর্মকর্তাকে গালাগাল করেন।গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের এজলাসকক্ষে এসব ঘটনা ঘটে। রসু খাঁর হামলার শিকার ওই আসামির নাম দোলোয়ার। তিনি সম্পর্কে রসু খাঁর ভাগনে। দুজনই একটি হত্যা মামলার আসামি।রসু খাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল দুপুরে সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান সংশ্লিষ্ট আদালতের বিচারকের কাছে লিখিত অভিযোগ দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মামলার সাক্ষ্য নেওয়া শেষ হলে রসু খাঁ পুলিশ ও বিচারপ্রার্থীদের সামনে দেলোয়ারের ওপর হামলা চালান। তিনি ব্লেড দিয়ে দেলোয়ারের গলা কাটার চেষ্টা করেন। এ সময় চিৎ কার করে বলছিলেন, ‘আমি আগে ১১ জনকে খুন করেছি। আজ আরও একজনকে খুন করব।’ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, রসু খাঁ অন্য এক আসামি দেলোয়ারের ওপর আকস্মিক হামলা চালান। এ সময় তিনি ধারালো ব্লেড ব্যবহার করেন। পুলিশ ব্লেডটি উদ্ধার করেছে। তাঁর হিংস্র আচরণ দেখে মনে হয়েছে, হত্যার উদ্দেশ্যে আসামির ওপর হামলা চালানো হয়েছে।আদালত সূত্র জানায়, গতকাল ঘটনার সময় রসু ও দেলোয়ারের একটি করে হাতে সংযুক্ত হাতকড়া পরানো ছিল। তাঁরা চাঁদপুরের মাসরুপা খাতুন হত্যা মামলার আসামি। ওই হত্যা মামলায় গতকাল দুজনকে আদালতে হাজির করা হয়।আদালতে চাঁদপুরের উপপরিদর্শক (এসআই) মীর কাশেম আসামি রসুর বিরুদ্ধে সাক্ষ্য দেন। এ কারণে বিচারকের সামনে পুলিশ কর্মকর্তা কাশেমকে গালাগাল করেন তিনি। মীর কাশেম বলেন, ‘রসু আদালতে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।’২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামের খাল থেকে মাসরুপার লাশ উদ্ধার করা হয়। ওই হত্যা মামলায় রসু ও দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।