আদালতের অনুমতি ছাড়া অর্থদণ্ড শোধ করতে পারবেন দণ্ডিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত কোনো কারাবন্দীর অর্থদণ্ড পরিশোধ সহজ করতে দুই দফা নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট।

নির্দেশনা অনুসারে অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের (বিচারিক আদালত) অনুমতি ছাড়া দণ্ডিত আসামির প্রতিনিধি বা নিকটাত্মীয় ওই অর্থদণ্ড কারাদণ্ড ভোগের মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে যেকোনো সময় বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে (রায় দেওয়া আদালত যে জেলায় অবস্থিত, সে জেলায় বা যে জেলার কারাগারে আসামি অবস্থান করছেন, সে জেলার ব্যাংকে) ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে পারবেন।

কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত কারাবন্দীদের অর্থদণ্ড পরিশোধ সহজ করার বিষয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়।

অপর নির্দেশনায় বলা হয়েছে, অর্থদণ্ড ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়ার পর চালানের কপি কারাবন্দী যে কারাগারে সাজা ভোগ করেছেন, সরাসরি সেই কারা কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ ট্রেজারি চালানটি পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকে অনলাইনে বা টেলিফোনের মাধ্যমে চালানটির সত্যতা এবং সাজা পরোয়ানায় উল্লিখিত অর্থদণ্ডের পরিমাণ যাচাই করবেন। এ ক্ষেত্রে সমুদয় অর্থদণ্ড পরিশোধিত হয়েছে বলে কারা কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে বিধি অনুসারে কারাবন্দীকে মুক্তি দেবেন এবং অর্থদণ্ড পরিশোধ ও কারাবন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি বিচারিক আদালতকে অবহিত করবেন।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ জরিমানার অর্থ পরিশোধ পদ্ধতি সহজ করতে একটি চিঠি দিয়েছিল। ওই চিঠিতে কারাবিধির ৫৩৩ ধারার পাশাপাশি এ ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ১৮৮০ সালের ৯ ফেব্রুয়ারি একটি সার্কুলারের সূত্র উল্লেখ করা হয়। এর আলোকে জরিমানার অর্থ পরিশোধের ক্ষেত্রে আগে আদালতের অনুমতি নিতে হতো। এখন এই নির্দেশনা জারির মধ্য দিয়ে ১৩৬ বছর ধরে চলে আসা পদ্ধতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এর ফলে বন্দীদের কারাবাস দীর্ঘায়িত হবে না, ভোগান্তি কমবে ও সরকারের ব্যয় কমবে।

যে কারণে পদ্ধতির বদল: সার্কুলারের শুরুতে বলা হয়, প্রধান বিচারপতির গোচরে এসেছে যে সাধারণত অর্থদণ্ডসহ কারাদণ্ডপ্রাপ্ত বন্দীরা বিধি অনুযায়ী কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সময়ে বা শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধে আগ্রহী হন। বিদ্যমান কারাবিধি অনুযায়ী, কারা কর্তৃপক্ষ বরাবর অর্থদণ্ড সরাসরি পরিশোধের সুযোগ না থাকায় সাজাপ্রাপ্ত অধিকাংশ কারাবন্দীর প্রতিনিধি বা নিকটাত্মীয়দের পক্ষে আদালতে গিয়ে অর্থদণ্ড পরিশোধ করা সহজসাধ্য হয় না। অনেক ক্ষেত্রে আইনজীবীর শরণাপন্ন হতে হয়, মামলার নথি তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না, ক্ষেত্রভেদে ঊর্ধ্বতন আদালতে নথি পাঠানোর কারণে তা সংশ্লিষ্ট আদালতে সংরক্ষিত থাকে না। এসব কারণে সহজে অর্থদণ্ড পরিশোধ করা সম্ভব হয় না। আবার দণ্ড দেওয়া আদালত হতে কারাবন্দী দূরবর্তী ভিন্ন জেলার কোনো কারাগারে আটক থাকলে বা তার আত্মীয়স্বজন দূরে বসবাস করলে অর্থদণ্ড পরিশোধ কষ্টসাধ্য, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে পড়ে।

এসব জটিলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কারাবন্দীরা সময়মতো অর্থদণ্ড পরিশোধ করতে না পেরে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করেন। ফলে বন্দীর কারাবাস দীর্ঘায়িত হয়। সরকারের ব্যয় বাড়ে এবং কারাগারে বন্দীর সংখ্যা বৃদ্ধির কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়। এই অবস্থায় সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) রুলস-১৯৭৩ চ্যাপ্টার তিন বি-এর ক্ষমতাবলে ওই নির্দেশনা দেওয়া হলো।

সার্কুলারটি জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার অনুমোদন নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর অনুলিপি আইজি প্রিজন, দেশের সব জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালত, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সব কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তি বরাবরে পাঠানো হয়।