আদালতের অভিযান, দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, তিন-চারজন প্রভাবশালী ব্যক্তি ২০-২৫ বছর ধরে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে মহাসড়ক-সংলগ্ন সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এরপর ওই ব্যক্তিরা আবার এসব স্থানে দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে সাত-আট বছর ধরে ভাড়া আদায় করছিলেন। বিশ্বরোড মোড়ের উচ্ছেদ হওয়া একাধিক ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বলেন, ‘হঠাৎ এ ধরনের অভিযানে আমরা বিপদে পড়েছি। মালামাল সরাতে হিমশিম খাচ্ছি। যারা জোর কইরা ভাড়া নিত তারা তো অহন আমার পাশে নাই।’
বিশ্বরোড মোড় দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বশীল এক ব্যক্তি বলেন, শুধু তিন ব্যক্তি এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ অবৈধ দোকানের জন্য মহাসড়কের ওপর প্রায়ই সংঘাতের ঘটনা ঘটছে।
বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘বিশ্বরোড মোড়ের যানজটের জন্য এসব অবৈধ দোকানপাটই দায়ী। আমি কয়েক মাস ধরে লেখালেখি করে আসছি এসব দোকান উচ্ছেদের জন্য।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মোহাম্মদ সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির এবং ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমীর হোসেনের নেতৃত্বে সরাইল, আশুগঞ্জ, সদর ও বিশ্বরোড মোড় হাইওয়ে থানার বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।