আদালতের আদেশ অমান্য করে খতিয়ান সরবরাহ
আদালতের আদেশ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে খতিয়ান সরবরাহ ও ব্যক্তিমালিকানাধীন জায়গাকে খাসভূমি দেখিয়ে বন্দোবস্ত দেওয়া হচ্ছে। কার্যালয়ের ঝাড়ুদার কবির হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা নবী হোসেন ও এলএমএসএস আবুল কাশেম এই কাজ করছেন বলে জানা গেছে।
সরাইল উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য। এই পদের দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমরান হোসেন। আর তেলিকান্দি ইউনিয়ন ভূমি কার্যালয় পরিচালনা করছেন প্রতিষ্ঠানের ভূমি সহকারী কর্মকর্তা নবী হোসেন, এলএমএসএস আবুল কাশেম ও ঝাড়ুদার কবির হোসেন। এই তিনজন নিয়ম না মেনে খতিয়ান সরবরাহ করছেন এবং বাজারের লোকজনকে খাস জমি বরাদ্দ দিচ্ছেন। অথচ এই কার্যালয় থেকে খতিয়ান সরবরাহের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ২০১০ সালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খতিয়ানের কাগজ সরবরাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। এতে বলা হয়, খতিয়ান সরবরাহের এখতিয়ার জেলা প্রশাসকের পক্ষে রেকর্ড রুম ডেপুটি কালেকটরের (আর আর ডিসি)।
খোঁজ নিয়ে জানা গেছে, নবী হোসেন নিয়মিত অফিস করেন না। ঝাড়ুদার কবির নিজেকে কর্মকর্তা বলে পরিচয় দেন। এমএলএসএস ও ওই কর্মকর্তার যোগসাজশে কবির লাল কালির সই করে খতিয়ান সরবরাহ করছেন। সম্প্রতি অরুয়াইলের হরিধন ও রামধন চৌধুরীকে ৬০৭ দাগে অরুয়াইল মৌজার ৫৬০ নং খতিয়ান, রানীদিয়ার সোনা মিয়া, আবদুর রশিদ, চান মিয়া, মন্তাজ উদ্দিনের নামে দুবাজেল মৌজার ২২৮ নং খতিয়ান, ছিদ্দিকুন্নেছা, সিরাজ উদ্দিন, ফুল মিয়া, পীর চান মিয়ার নামে পাকশিমুল মৌজার ২৮ নং খতিয়ান, কাকরিয়া গ্রামের মহরম আলী মমতাজ আলী, তুফান আলীর নামে দুবাজেল মৌজার ১৬৭ নম্বর খতিয়ান এবং নূরুল ইসলাম ভূইয়া, রেফায়েত আলী ভূইয়া, কিফায়েত আলী ভূইয়া, শওকত উল্লাহর নামে শোলাকান্দি মৌজার ১৬১ নম্বর খতিয়ান সই করে সরবরাহ করেছেন কবির।
এ ছাড়া ওই তিন কর্মকর্তা পেরিফেরির (সীমানা নির্ধারণ) মাধ্যমে সরাইলের ভূইশ্বর মৌজার সাবেক ৯০১ দাগের ১১০ শতক পরিমাণ ব্যক্তিমালিকানাধীন জায়গাকে খাস জমি দেখিয়ে বন্দোবস্ত দেন। শুধু তা-ই নয়, ৯৪ শতক জায়গার ওপর বাজার গড়ে তোলার কথা বলে এলাকার লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন তাঁরা। এ অবস্থায় ভূইশ্বর গ্রামের নিয়াজুর রহমান সিএস খতিয়ান অনুযায়ী জায়গাটির মালিকানা দাবি করে সরাইল জ্যেষ্ঠ সহকারী হাকিমের আদালতে ২০১২ সালে মামলা (নম্বর ১৫০/২০১২) করেন। মামলা চলাকালে ইউনিয়ন ভূমি কার্যালয় জায়গাটি বন্দোবস্ত দেওয়ার পদক্ষেপ নেয়। এরপর নিয়াজুর গত বছরের ১০ অক্টোবর ওই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ সহকারী জজ সরাইল আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৫ দিনের মধ্যে জবাব চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু নোটিশের জবাব না দিয়েই তারা সম্প্রতি ওই জায়গা পেরিফেরি করে।
নিয়াজুর রহমান অভিযোগ করেন, ওই জায়গা বন্দোবস্ত দেওয়ার পর সেখানে বাজার করার কথা বলে স্থানীয় লোকজনের কাছ থেকে অর্থও আদায় করেছেন ইউনিয়ন ভূমি কার্যালয়ের ওই তিনজন।
নবী হোসেন বলেন, কেউ খতিয়ান নিতে এলে না দিয়ে পারা যায় না। এলএমএসএস আবুল কাশেম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে কবির হোসেন বলেন, ‘স্যার (নবী) না থাকলে অনেক সময় আমি কাজ করি।’
(ইউএনও) এমরান হোসেন বলেন, ঘটনাটা তাঁর জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমান বলেন, খতিয়ান সরবরাহ না করার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। পেরিফেরি করা প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে কেউ অভিযোগ করেনি।