আদালতের আদেশ অমান্য করে বাজার দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের স্থিতাদেশ অমান্য করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শহরের শতবর্ষের পুরোনো ৪১ শতাংশ আয়তনের রথবাজারটি বেদখল করা হয়েছে। গত ২৭ জুন রাতে দোকানপাট উচ্ছেদ করে বাজারসংলগ্ন জগন্নাথ মন্দির কমিটির লোকজন জমিটি দখলে নিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করে দেন।মতলব দক্ষিণ পৌর ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫৫ নম্বর কলাদী মৌজায় অবস্থিত ওই ৪১ শতাংশ জমি খাস সম্পত্তি। স্থানীয় পৌরসভা জমিটি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়ে আসছে। জমিটি জগন্নাথ মন্দিরের নিজস্ব সম্পত্তি দাবি করে ওই মন্দির কমিটি ১৯৮১ সালে সরকারসহ ৫৫ ব্যক্তিকে বিবাদী করে চাঁদপুর দেওয়ানি আদালতে মামলা করে। ১৯৮৭ সালের ৩০ সেপ্টেম্বর মামলাটি খারিজ হয়। ১৯৮৮ সালে চাঁদপুর অতিরিক্ত জেলা জজ আদালতে মন্দির কমিটি স্বত্ব আপিল মোকদ্দমা করে। ১৯৯৯ সালের ১৫ এপ্রিল আদালত নিম্ন আদালতের ওই রায় বহাল রাখেন। ২০০০ সালে মন্দির ব্যবস্থাপনা কমিটির তৎকালীন সভাপতি রাধাকৃষ্ণ সাহা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ওই বছরের ৩০ জানুয়ারি জমির ওপর স্থিতাদেশ জারি করেন। এখনো পর্যন্ত ওই আদেশ বহাল রয়েছে।ওই আদেশ অমান্য করে ২৭ জুন রাতে মন্দির কমিটির লোকজন জমি দখল করে সীমানাপ্রাচীর দিয়ে দেন। জমি দখলে নিয়ে সীমানাপ্রাচীর দেওয়ার কথা স্বীকার করে জগন্নাথ মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘এটি মন্দিরের দেবোত্তর সম্পত্তি। এ-সংক্রান্ত কাগজপত্রও আমাদের হাতে রয়েছে। সরকার এ দেবোত্তর ও ওয়াকফ সম্পত্তিকে খাস করে নিয়েছে। এ কারণে সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। পৌর তহশিলদারকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।