আদালতের আদেশ উপেক্ষা রোটেশন এখনো বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশ উপেক্ষা করে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চমালিকদের অবৈধ রোটেশন প্রথা এখনো বহাল রয়েছে। নৌ মন্ত্রণালয়ের সিদ্ধান্তেরও বাস্তবায়ন নেই। প্রতিদিন পাঁচ-ছয়টি করে লঞ্চ চলার কথা থাকলেও অধিকাংশ সময় চালানো হয়েছে তিন-চারটি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ঢাকা-বরিশাল নৌপথে সাতটি কোম্পানির ১১টি লঞ্চ চলাচলের সময়সূচি অনুমোদন দেওয়া হয়। এ সময়সূচি অনুযায়ী প্রতিদিন ঢাকা থেকে ছয়টি ও বরিশাল থেকে পাঁচটি এবং একইভাবে পরের দিন ঢাকা থেকে পাঁচটি ও বরিশাল থেকে ছয়টি লঞ্চ চলাচলের কথা। কিন্তু লঞ্চ মালিক সমিতি বিআইডব্লিউটিএর ওই নিয়ম অমান্য করে বেশি লাভের আশায় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় লঞ্চের সংখ্যা কমিয়ে রোটেশন প্রথা চালু করে। ফলে প্রতিদিন দুই থেকে চারটি লঞ্চ চলাচল করছে।জনদুর্ভোগ কমাতে ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে আনোয়ারুল হক নামের এক ব্যক্তি ওই রোটেশন প্রথা বাতিলের জন্য আদালতে মামলা করেন। আদালত লঞ্চমালিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং বিআইডব্লিউটিএর সময়সূচি মেনে চলার নির্দেশ দেন। মালিক সমিতি আদালতের এই আদেশ মানেনি।একই দাবিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) পৃথক একটি মামলা করে। এ মামলায়ও আদালত রোটেশনের ওপর নিষেধাজ্ঞা দেন। এ ছাড়া রোটেশনের প্রতিবাদে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আন্দোলনে নামে। চলমান আন্দোলনে বরিশাল বন্দর ভবন ঘেরাও, স্মারকলিপি প্রদান ও সভা সেমিনার অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো পদক্ষেপেই রোটেশন প্রথা বন্ধ হয়নি।আনোয়ারুল হক জানান, সাধারণ যাত্রীদের জিম্মি করে লঞ্চমালিকেরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাঁরা আদালতের আদেশ অমান্য করেই রোটেশন করে লঞ্চ চালাচ্ছেন। বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাসার প্রথম আলোকে বলেন, নৌ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-বরিশাল নৌপথে পাঁচটি লঞ্চ চলাচল করলে এত যাত্রীর চাপ থাকত না। কিন্তু মালিক সমিতি দু-তিনটি এবং কোনো কোনো সময়ে চারটির বেশি লঞ্চ দিচ্ছে না। এ সমস্যা সমাধানে গত ২৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বরিশালে বৈঠক করেন। কিন্তু লঞ্চমালিকেরা ওই বৈঠকে অংশ নেননি। সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান বলেন, ‘আমরা মাঝেমধ্যে পাঁচটি করে লঞ্চ চালিয়েছি। রিপোর্টে ভুল আছে।’ নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন জানান, লঞ্চমালিকেরা নিয়ম অনুযায়ী লঞ্চ চালাননি। ঢাকা-বরিশাল নৌপথ জরিপের পদক্ষেপ নেওয়া হয়েছে। আটটি দল ওই জরিপকাজ পরিচালনা করবে। জরিপের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।