আদালতের আদেশ গোপন, উচ্ছেদ
উচ্চ আদালতের আদেশ গোপন করে একটি পরিবারকে ১০০ শতক জমি ও ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে একটি চক্র। এ সময় ভুক্তভোগী পরিবারের পাকা ঘরবাড়ি ভেঙে প্রায় ২৫০টি ফলের গাছ ও গৃহস্থালিসামগ্রী লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নাটোর সদর সহকারী জজ আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার জেলা জজের নাজির আবুল হোসেন ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ওই গ্রামের শামসুল হকের বাড়িতে যান। তাঁরা নাটোর সদর সহকারী জজ আদালতের একটি পরোয়ানা দেখিয়ে তাঁর দখলে থাকা ১০০ শতক জমি প্রতিপক্ষ ফিরোজ মিয়ার কাছে ছেড়ে দিতে বলেন। এ সময় শামসুল হক দখল ছেড়ে না দেওয়াসংক্রান্ত উচ্চ আদালতের একটি নির্দেশনা দেখান। নির্দেশনা দেখানোর পরও পুলিশ ও আদালতের কর্মচারীরা ফিরোজ মিয়াকে লোকজন দিয়ে জমি দখল নেওয়ার কথা বলেন। তখন ফিরোজের শতাধিক ভাড়াটে লোকজন শামসুল ও তাঁর চার ছেলের ঘর ভাঙচুর করে।
এ ব্যাপারে বৃহস্পতিবার শামসুল হক উচ্চ আদালতের আদেশের কাগজপত্র নাটোর সদর সহকারী জজ আদালতে দাখিল করে প্রতিকার চান। শুনানি শেষে আদালত জানতে পারেন, ফিরোজ মিয়া উচ্চ আদালতের সিদ্ধান্ত জানা সত্ত্বেও তা এই আদালতের কাছে গোপন রেখেছেন। এ কারণে আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন প্রতিপক্ষ ফিরোজ মিয়াকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে শামসুল হকের কাছে অবিলম্বে জমির দখল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গতকাল শুক্রবার দুপুরে আদালতের আদেশ অনুযায়ী শামসুল হককে জমির দখল ফিরে পেতে দেখা যায়। এ সময় শামসুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘প্রতিপক্ষ ফিরোজ মিয়ার সঙ্গে ২৫ বছর ধরে এই জমি নিয়ে মামলা চলছে। তিনি নিম্ন আদালতে আমার বিরুদ্ধে রায় পান। কিন্তু আমি হাইকোর্টে আপিল করলে ২০১১ সালের ৪ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের রায় স্থগিত করেন। ফলে আমাকে আমার জমি থেকে বা ঘরবাড়ি থেকে নিম্ন আদালত উচ্ছেদ করতে পারেন না। প্রতিপক্ষ হাইকোর্টের স্থগিতাদেশের খবর নিম্ন আদালত না জানিয়ে আমাকে উচ্ছেদ করে। আমি এর বিচার চাই।’
জেলা জজের নাজির আবুল হোসেন বলেন, ফিরোজ মিয়া হাইকোর্টের আদেশ গোপন করায় এই ক্ষয়ক্ষতি হয়েছে। ফিরোজ মিয়া বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাই এই দুর্ঘটনা ঘটেছে।
নাটোর জজ আদালতের আইনজীবী প্রসাদ কুমার তালুকদার বলেন, ফিরোজ মিয়া ডিক্রি লাভের ক্ষেত্রে শঠতার আশ্রয় নিয়েছেন।