আদালতের নির্দেশ উপেক্ষা করে পরিবেশ ছাড়পত্র ছাড়া পুরোনো (স্ক্র্যাপ) জাহাজ আমদানি ও ভাঙার উদ্যোগ নেওয়ায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। গত সোমবার অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় শীতলপুরের ম্যাক ইন্টারন্যাশনাল ও ভাটিয়ারীর জাহানাবাদের এমএম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির মালিকের বিরুদ্ধে মামলা দুটি করেন। উপকূলে নোঙর করা জাহাজ দুটি হচ্ছে এমটি বিও ও এমটি বাদ্রি।জানা গেছে, আদালতের আগের আদেশ গোপন করে পুরোনো জাহাজ আনতে ৫ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেছিলেন ম্যাক ইন্টারন্যাশনালের মালিক। ১৫ সেপ্টেম্বর আদালত আদেশ দেন। ওই আদেশের ভিত্তিতে ওই দুটি পুরোনো জাহাজ আমদানি করা হয়। কাটার জন্য গত সপ্তাহে সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডে (শিপ ব্রেকিং ইয়ার্ডে) আনা হয় দুটি জাহাজ।পুলিশ সূত্র জানায়, সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় ম্যাক ইন্টারন্যাশনালের মালিক জয়নাল আবেদীন, আলাউদ্দিন, জামিলউদ্দিন ও ইয়ার্ডের ব্যবস্থাপক ফিরোজ আলমকে বিবাদী করা হয়। দ্বিতীয় মামলার বিবাদী হলেন এমএম শিপ ইয়ার্ডের মালিক মনোয়ারা বেগম, আবু মহসিন, ইয়ার্ডের ব্যবস্থাপক জাহাঙ্গীর, ম্যাক ইন্টারন্যাশনালের মালিক জয়নাল আবেদীন, আলাউদ্দিন ও জামিলউদ্দিন।আদালত সূত্র জানায়, হাইকোর্ট গত ১১ মে এক আদেশে বলেছিলেন, গ্রিনপিচ তালিকাভুক্ত জাহাজসহ সব ধরনের পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের সনদ লাগবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেন, রিট দায়েরের সময় আবেদনকারীরা আদালতের আগের আদেশ গোপন করেছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত বছর ৫ ও ১৭ মার্চ হাইকোর্টের রায়ে গ্রিনপিচের তালিকাভুক্তসহ সব পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও রপ্তানিকারক দেশের ছাড়পত্রের শর্ত ছিল। তবে এই আদেশ লঙ্ঘন করে নৌপরিবহন মন্ত্রণালয় গ্রিনপিচের তালিকায় নেই—এমন অন্যান্য জাহাজ ছেড়ে দিচ্ছিল। এরপর হাইকোর্ট গত ১১ মে আরেক আদেশে আবার সব ধরনের জাহাজের ক্ষেত্রে এসব শর্তের কথা পুনর্ব্যক্ত করেন। কিন্তু এ আদেশ গোপন করে ম্যাক ইন্টারন্যাশনাল জাহাজ আমদানির জন্য আদালতের শরণাপন্ন হয়।’জানা গেছে, রিট আবেদনের সময় ম্যাক ইন্টারন্যাশনাল গ্রিনপিচ তালিকাভুক্ত জাহাজ বাদে অন্যান্য জাহাজ আমদানির কথা উল্লেখ করেছিল। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের গেজেটের ৪০ নম্বর ধারায় উল্লেখ আছে, পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে জাহাজটি বিষাক্ত বর্জমুক্ত—এই মর্মে রপ্তানিকারক দেশের সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।