আদালতের আদেশ জালিয়াতি, গ্রেপ্তার সফিকুর রিমান্ডে
আদালতের আদেশের কপি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া সফিকুর রহমান ওরফে নেওয়াজকে দুদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভুয়া জজ সফিকুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলায় ডিবি পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. বাহাউদ্দিন ফারুকী প্রথম আলো ডটকমকে জানান, সফিকুর একজন প্রতারক। জাল ও জালিয়াত চক্রের দলনেতা। চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য পেতে তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত বছরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ সেজে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাদেকুর রহমানের বিরুদ্ধে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছিলেন শাহবাগ থানায়। পুলিশ সদর দপ্তরের তদন্তে মামলাটি ও গ্রেপ্তারি পরোয়ানা ভুয়া এবং এর সঙ্গে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের (আরকে মিশন রোড) বাসিন্দা সফিকুর রহমান এর সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ তথ্যপ্রমাণ পায়। পুলিশ সদর দপ্তরের পরামর্শে ৯ জানুয়ারি প্রতারিত সাদেকুর বাদী হয়ে সফিকুরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। পরদিন ১০ জানুয়ারি ওই মামলার এজাহারভুক্ত আসামি সফিকুরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ছয় দিনের মাথায় ১৫ জানুয়ারি জামিনে বের হন সফিকুর। এরপর সফিকুর ওই দিনই সাদেকুর ও তার স্ত্রী আফসানা ইসলামকে খুন করার হুমকি দেন। এ ঘটনায় শাহবাগ থানায় একাধিক জিডি করা হয়। পরে মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর সফিকুল পলাতক থেকে ৩০ লাখ টাকা চাঁদা চেয়ে সাদেকুর ও তাঁর স্ত্রীকে অনবরত খুন করার হুমকি দিতে থাকেন। ১৩ সেপ্টেম্বর পুলিশ সফিকুরকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী সাদেকুর রহমান ১৪ সেপ্টেম্বর বাদী হয়ে শাহবাগ থানায় সফিকুরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। সফিকুর ওই মামলায় জামিন পেলেও আজ প্রতারণা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।