নির্বাচনের চার দিন আগে ঢাকার দোহার পৌরসভা নির্বাচন স্থগিত হয়ে গেল। আদালতে একটি রিট আবেদনের পর গতকাল মঙ্গলবার নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ঘটনায় প্রার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সীমানাসংক্রান্ত মামলার কারণে সাড়ে ১২ বছর পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।
দোহার নির্বাচন কার্যালয় জানায়, গত ১৮ এপ্রিল দোহার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৫ মে নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল ঘোষণার পরপর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ২৫ এপ্রিলের মধ্যে মেয়র পদে ১৫ জন ও নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন ও তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই, প্রার্থিতা বাতিল ও প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ পান ৭৪ জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন প্রার্থীরা। এক যুগ পর নির্বাচন হওয়ায় ভোটাররাও ছিলেন নতুন জনপ্রতিনিধিকে বেছে নেওয়ার অপেক্ষায়। সেই মুহূর্তে ৭ মে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মাহমুদপুর ইউনিয়নের চর লটাখোলার বাসিন্দা আবদুস সোবহান বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন।
দোহার উপজেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য আবদুস সোবহান বলেন, ‘আমরা সাড়ে ১২ বছর দোহার পৌরসভার মধ্যে ছিলাম। কিন্তু এই কয় বছরে আমাদের এলাকায় কোনো ধরনের উন্নয়ন হয়নি। কোনো কাউন্সিলর ও মেয়র কখনো যাননি। তাই জনগণ যাতে অহেতুক করের বোঝার মধ্যে না পড়েন, তাই এলাকাটিকে পৌরসভার বাইরে রাখার আবেদন জানিয়েছি।’
সোবহান জানান, আদালত ৭ মে দোহারের নির্বাচনের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ দেন। ১৫ মে তিনি আদেশের কপি পেয়েছেন।
সোবহানের রিটের কাগজপত্র নির্বাচন কমিশনে পৌঁছানোর পর গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন স্থগিত করার চিঠি পাঠায় কমিশন।
বিষয়টি নিশ্চিত করে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শামীমুল হক জানান, নির্বাচন কমিশনের চিঠি পেয়ে নির্বাচন স্থগিতের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য নির্বাচন স্থগিত থাকবে, তা তিনি বলতে পারেননি।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া: নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল তাদের স্বার্থ উদ্ধার করতে আদালতে রিট করে নির্বাচন-প্রক্রিয়া বন্ধ করেছে। ভোটের মাত্র চার দিন আগে এ ধরনের ঘটনা দুঃখজনক। প্রার্থীদের অনেক টাকা খরচ হয়েছে।
আরেক মেয়র পদপ্রার্থী ও দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দীন আহমেদ বলেন, মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন বন্ধ করে পরোক্ষভাবে একটি মহলের ষড়যন্ত্রকে সমর্থন করা হয়েছে। প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
দোহার পৌরসভার জয়পাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় পৌরসভার নাগরিক সুবিধাবঞ্চিত লোকজনের মধ্যে নির্বাচনকে ঘিরে যে আশা-আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, এখন তা বন্ধ হয়ে গেল। অবিলম্বে রিট নিষ্পত্তি করে পৌরসভার নির্বাচন দেওয়া দরকার।