ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তাকে গাজীপুরে বদলি করা হয়েছিল তিন মাস আগে। প্রথমে হাইকোর্ট ও পরে আপিল বিভাগ বদলির এ আদেশকে অবৈধ ঘোষণা করেন। তবে তিন মাসেও ওই কর্মকর্তাকে কাজে যোগ দিতে পারেননি। বরং তাঁর কক্ষটি তালা মেরে রাখা হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ৮ জুন ডিএসিসির ট্রাফিক প্রকৌশল শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও মেয়র হানিফ ফ্লাইওভারের প্রকল্প পরিচালক আশিকুর রহমানকে গাজীপুর সিটি করপোরেশনে বদলি করা হয়। তবে বদলির আদেশ তাঁর হাতে পৌঁছানোর আগেই তাকে ডিএসসিসি থেকে অবমুক্ত করে অফিস আদেশ জারি করা হয়। একই দিনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল আমিনকে ফ্লাইওভারের প্রকল্প পরিচালক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিহাব উল্লাহকে ট্রাফিক প্রকৌশল শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
ঢাকা সিটি করপোরেশনের চাকরিবিধিমালা অনুযায়ী, ডিসিসির কর্মকর্তাদের উত্তর বা দক্ষিণ বাদে অন্য করপোরেশনে বদলি করার সুযোগ নেই। এ ব্যাপারে হাইকোর্টের একাধিক রায়ও রয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৪ নভেম্বর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিমকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়। কিন্তু তিনি যোগ না দিয়ে হাইকোর্টে যান। এরপর আদালত বদলির ওই আদেশ বেআইনি ও অকার্যকর ঘোষণা করে। স্থানীয় সরকার বিভাগ ওই বছরের ৭ ডিসেম্বর তাঁর বদলির আদেশ বাতিল করে। এরপর তিনি স্বপদে ফিরে আসেন।
একইভাবে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ডিএসিসির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আলী শাহকে গাজীপুর সিটি করপোরেশনে বদলি করা হয়। কিন্তু তিনিও যোগ না দিয়ে আদালতে যান। ১৭ ফেব্রুয়ারি আদালত বদলির আদেশ বেআইনি ঘোষণা করেন। এরপর শাহ আলীও একইভাবে ডিসিসিতে স্বপদে বহাল হন।
তবে আশিকুর রহমানের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তিনি তাঁর বদলির আদেশ চ্যালেঞ্জ করে আদালতে গেলে ১৬ জুন বদলির ওই আদেশকে বেআইনি ও অকার্যকর বলে রায় দেন আদালত। ১৮ জুন সেই রায় ডিসিসিতে পৌঁছায়। কিন্তু আশিকুরকে স্বপদে যোগ দিতে না দিয়ে কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিসিসির প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি আশিকুরের বদলির আদেশের চিঠি পেয়েছি। তবে তাঁর কক্ষ তালাবদ্ধের বিষয়টি ঠিক নয়।’
তবে ডিএসসিসি সূত্রে জানা গেছে, এখনো কক্ষটি তালাবদ্ধ রাখা হয়েছে। এ ছাড়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সিটি করপোরেশন আপিল বিভাগে গেলে ৪ আগস্ট আগের আদেশই বহাল রাখে আপিল বিভাগ। কিন্তু এরপর দেড় মাস পেরিয়ে গেলেও তাকে আর বসতে দেওয়া হয়নি।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, তিনি কয়েক দিন আগে যোগ দিয়েছেন। বিষয়টি তাঁর জানা নেই।