আদালতের এজলাস পানিতে সয়লাব, মূল্যবান নথি নষ্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের ছাদে থাকা ট্যাংকের পাইপ ফেটে পানি চুইয়ে আদালতের মূল্যবান কিছু নথি নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় একটি আমলি আদালতের এজলাসসহ তিনটি কক্ষ পানিতে সয়লাব হয়ে যায়।
এ ঘটনায় গতকাল বুধবার ওই আমলি আদালতকে নির্ধারিত জায়গার পরিবর্তে অন্য কক্ষে বিচারিক কাজ করতে হয়েছে। বাকি দুটি কক্ষের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
আদালত-সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, গণপূর্ত বিভাগের করা নিম্নমানের কাজের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জেলা জজ মোহাম্মদ কাউসার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের এপ্রিল-জুনে জজ আদালতের পাঁচ লাখ টাকার স্যানিটারির সংস্কারকাজ করে গণপূর্ত বিভাগ। সংস্কারকাজের মধ্যে ছিল শৌচাগারে টাইলস ও পাইপ বসানো।
কিন্তু গত মঙ্গলবার রাতে পানির ট্যাংকের সঙ্গে যুক্ত পাইপ ফেটে জজ আদালতের তৃতীয় তলায় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের (আখাউড়া) এজলাস, বিচারকের খাসকামরা ও মুখ্য বিচারিক হাকিম আদালতের নেজারত শাখা পানিতে সয়লাব হয়ে যায়।
এদিকে পাইপ থেকে পানি চুইয়ে দ্বিতীয় তলার সদর জ্যেষ্ঠ সহকারী জজের সেরেস্তাখানায় পড়ে।
ফলে সেরেস্তাখানায় থাকা অনেক গুরুত্বপূর্ণ কাগজ, পুরাতন মামলার অনেক প্রয়োজনীয় নথি ও প্রমাণাদি ভিজে যায়। জে৵ষ্ঠ সহকারী জজ আদালতের (আখাউড়া) এজলাস পানিতে সয়লাব হয়ে যাওয়ায় গতকাল সেখানে বিচারিক কাজ করা যায়নি। পরে ওই আদালত অন্য একটি কক্ষে স্থানান্তর করে বিচারিক কাজ সম্পন্ন করা হয়।
এ ঘটনায় সম্ভাব্য ক্ষতিপূরণ নির্ধারণের জন্য অতিরিক্ত জেলা জজ সোহেল আহমেদকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম জেলা জজ আবদুর রহিম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান সিদ্দিক, সহকারী জজ মো. আল আমিন, সরকারি কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন আহমেদ খান, সরকারি কৌঁসুলি (জিপি) ওয়াছেক আলী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সারওয়ারে আলম।
সহকারী জজ মো. আল আমিন প্রথম আলোকে বলেন, গণপূর্ত বিভাগের নিম্নমানের কাজের কারণে পাইপ ভেঙে পানিতে আমলি আদালতের এজলাসহ তিনটি কক্ষ প্লাবিত হয়।
এ ছাড়া সেরেস্তাখানায় থাকা অনেক গুরুত্বপূর্ণ নথি ভিজে গেছে। এই নথিগুলোর সঙ্গে শত শত মানুষের ভাগ্য জড়িত।
ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোক গিয়ে শৌচাগারের কলের ছিপি পরিবর্তন করেছে।’
মোস্তফা কামাল আরও বলেন, নিম্নমানের কাজের জন্য এমনটি হয়নি। তাঁর দাবি, কলের ছিপি থেকে পানি মেঝেতে ছড়িয়ে পড়েছে। আর যেহেতু পাইপের সংযোগ আছে, তাই পাইপ দিয়ে চুইয়ে ওই পানি দ্বিতীয় তলায় পড়েছে।