সংবিধান বিশেষজ্ঞ ও প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, দলীয়করণ, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে খেয়ালখুশিমতো বিচারপতি নিয়োগ দেওয়া হলে আদালতকে ধ্বংস করা হবে। আদালতের ঐতিহ্য ধ্বংস করতে দেওয়া হবে না। প্রাণ দিয়ে হলেও সে ঐতিহ্য রক্ষা করা হবে।গতকাল বৃহস্পতিবার আরেক প্রখ্যাত আইনজীবী আমীর-উল ইসলামের আইন পেশায় ৫০ বছর পূর্তিতে আয়োজিত সংবর্ধনা সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন। আমীর-উল ইসলামের কনিষ্ঠ আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে আমীর-উল ইসলামকে শুভেচ্ছা জানান।ড. কামাল হোসেন আদালত ও দেশকে দলীয়করণমুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘দল করব কোর্টের বাইরে। কোর্টের ভেতরে দলাদলি সংবিধান পরিপন্থী।’ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, দেশের মানুষ আইনের শাসনে বিশ্বাস করে। আদালতে প্রচুর মামলা আসে। মানুষ বিচার পায় বলেই আদালতে আসে। আইনের সীমাবদ্ধতার ভেতর থেকে আদালত দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট সচেতন। এ জন্য তিনি দল-মতনির্বিশেষে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।