আদালতের কর্মচারীকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মামলার নকল কপি পেতে বিলম্ব হওয়ায় নারায়ণগঞ্জে জেলা বিএনপির নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস আদালতের তৃতীয় শ্রেণীর এক কর্মচারীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।আদালতের তৃতীয় শ্রেণীর কর্মচারী প্রধান তুলনাকারক তারিকুল ইসলাম জানান, ফতুল্লা থানার একটি মামলার নকল কপি উঠানোর জন্য বেলা ১১টার দিকে তাঁর কাছে আসেন আবুল কালাম আজাদ। কিন্তু মামলার নকল কপি লিপিবদ্ধ ও স্বাক্ষর না হওয়ায় তারিকুল ইসলাম সময় চান।তারিকুল ইসলাম অভিযোগ করেন, ‘একপর্যায়ে আবুল কালাম আজাদ আমাকে গালাগাল করে চলে যান। এর আধা ঘণ্টা পর তিনি আবারও আমার কাছে এসে মামলার কপি চান। বিচারকের স্বাক্ষর হয়নি জানালে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি আমাকে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মারেন।’এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আদালতের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বিএনপির নেতা আবুল কালাম আজাদ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মামলার নকলের কপি নিয়ে আমার জুনিয়রের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। আমি পরে তাদের ডেকে মিলিয়ে দিয়েছি।’