আদালতের কার্যক্রম অচলের উপক্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো ও জনবল-সংকটের কারণে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় দায়রা জজ ও বিচারিক হাকিমের আদালতগুলোর কার্যক্রম অচল হওয়ার উপক্রম হয়েছে। বিচারকক্ষ (এজলাস), খাসকক্ষ ও বিচারকদের বাসস্থান-সংকটের কারণে গত ডিসেম্বর ১২ জন বিচারিক হাকিমকে অন্যত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রেষণে নিয়োজিত স্বল্পসংখ্যক কর্মচারী দিয়ে জরুরি দাপ্তরিক কাজ চালানো হচ্ছে। এ রকম নাজুক অবস্থায় বিচারকাজের দীর্ঘসূত্রতা দেখা দেওয়ায় বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে জজ ও বিচারিক হাকিমেরা জানান, কর্মচারী ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকায় তাঁদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি জেলায় জজ ও প্রধান বিচারিক হাকিম, অতিরিক্ত প্রধান বিচারিক হাকিমসহ নয়জনকে ২০০৮ সালের নভেম্বরে পদায়ন করা হয়েছিল। কিন্তু এজলাস, খাসকামরা না থাকায় রাঙামাটিতে জেলা ও দায়রা জজ আদালতের দুটি বিচারকক্ষে পালাক্রমে দুজন জজ ও সাতজন বিচারিক হাকিম বিচারকাজ চালিয়ে আসছেন। বান্দরবানে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনটি বিচারকক্ষে ও খাগড়াছড়িতে আইনজীবী সমিতির ভবনে দুটি ও জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কক্ষে বিচারিক হাকিমেরা পালাক্রমে কাজ করে আসছেন। বাসস্থান না থাকায় আড়াই-তিন বছর ধরে বিচারকেরা সরকারি বিশ্রামাগার ও আবাসিক হোটেলে বসবাস করে আসছেন। গত বছর ডিসেম্বরে তিন পার্বত্য জেলার বিচারব্যবস্থা পর্যবেক্ষণের জন্য আসা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচাপতি এ রকম শোচনীয় অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণের পর ৬৪ জেলায় প্রধান বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণ প্রকল্প ২০০৯ সালে হাতে নেওয়া হয়। জেলা জজের সমমর্যাদার এক কর্মকর্তাকে প্রধান করে ছয় সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটিও করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন, স্থান নির্বাচনে জজ আদালতের কাছাকাছি এলাকা হওয়া, বিচারক ও আইনজীবীদের নিরাপদ চলাচলসহ ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনাগুলো মেনে স্থান নির্বাচন করার ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন। গণপূর্ত বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ‘প্রস্তাবিত স্থানগুলোতে ভবন নির্মাণ সম্ভব না হলে গণপূর্ত বিভাগের জমির ওপর বান্দরবানে আদালত ভবন নির্মাণ করা হবে।’ ৬৪টি জেলার বিচারিক হাকিম আদালত নির্মাণ প্রকল্পের পরিচালক নূরুল ইসলাম জানান, স্থান নির্বাচন ও জমি অধিগ্রহণ কাজ শেষ হলে আগামী জুলাই থেকে ভবন নির্মাণ শুরু হবে। তবে কবে নাগাদ কাজ শেষ হতে পারে, তা তিনি জানাতে পারেননি। খাগড়াছড়ি আইনজীবী সমিতির সভাপতি তৈয়ব আলী ও বান্দরবানের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান বলেন, তিন বছর ধরে আদালতগুলোর পরিবেশ উন্নয়ন না হওয়ায় অবস্থার আরও অবনতি হয়েছে। মামলার সংখ্যা বাড়ছে। কিন্তু বিচারকের সংখ্যা কমছে। পাশাপাশি দাপ্তরিক কাজের জন্যও কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে না। যে উদ্দেশ্যে বিচার বিভাগ পৃথক্করণ ও স্বাধীনতার প্রায় ৪০ বছর পর তিন পার্বত্য জেলায় জজ আদালত চালু করা হয়েছে, সে উদ্দেশ্য সফল হচ্ছে না বলে মন্তব্য করেন তাঁরা।