আদালতের খবর পেয়ে তারা পালিয়ে গেলেন
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করতে আসছেন, এ খবর পেয়ে অধিকাংশ বিক্রেতা দুধ রেখে পালিয়ে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত যে কয়েকজন ছিলেন তাঁদের দুধ পরীক্ষা করে জানা গেল, ভেজাল (দুধে গুঁড়া দুধ মেশানো) ও দুধে অতিরিক্ত পানি মেশানো হয়েছে। ফলে ভ্রাম্যমাণ আদালত তাঁদের অর্থদণ্ড করেন ও জব্দ করা দুধ ফেলে দেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজারে গত রোববার বিকেলে ওই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ।
ভ্রাম্যমাণ আদালত ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এ বাজারে ভেজাল ও অতিরিক্ত পানি মেশানো দুধ বিক্রি হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এর সত্যতা পান। এ সময় পাঁচজন দুধ বিক্রেতার কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয় ও জব্দ করা প্রায় ২০ লিটার দুধ ফেলে দেওয়া হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথা শুনে অনেকেই দুধ রেখে পালিয়ে যান।
এ বিষয়ে বাজারে আসা তিনজন ক্রেতা বলেন, এ অবস্থা শুধু এ বাজারের নয়, পুরো উপজেলাতেই ভেজাল ও অতিরিক্ত পানি মেশানো দুধ বিক্রি করে একটি চক্র টাকা হাতিয়ে নিচ্ছে। এ জন্য তাঁরা প্রতিটি বাজারে অভিযান পরিচালনা করার আহ্বান জানান।
সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মতে অভিযুক্ত ব্যক্তিদের অর্থদণ্ড ও ভেজাল দুধ বিনষ্ট করা হয়। অভিযান অব্যাহত থাকবে।