আদালতের দিকে তাকিয়ে শিক্ষা প্রশাসন
ঢাকা ও চট্টগ্রামের বড় স্কুলগুলোর শিক্ষার্থীদের বেতন এবং ভর্তি ফি অস্বাভাবিক বাড়ানোর লাগাম টানতে না পেরে শিক্ষা প্রশাসন এখন তাকিয়ে আছে উচ্চ আদালতের দিকে। এর আগে আদালতের নির্দেশেই ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তি বেতন ও ফি ফেরত দিতে বাধ্য হয়েছিল।
ওই সময়ে রিট আবেদন করা দুটি প্রতিষ্ঠান গণসাক্ষরতা অভিযান ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আবারও আগের রায়ের বিষয়ে আজ বা কাল উচ্চ আদালতের নজরে নেওয়ার কথা ভাবছে। একই সঙ্গে ‘আদালত অবমাননা’র অভিযোগ করবে তারা।
ইতিমধ্যে উচ্চ আদালতের মূল রায় প্রকাশিত হয়েছে। গত ৬ ডিসেম্বর প্রকাশিত রায়ে দেখা যায়, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ রায়ে এই মত দেন যে, সরকার যে ভর্তি নীতিমালা গ্রহণ করেছে, তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবশ্যই মেনে চলবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় সরাসরি বা তার অধীন প্রতিষ্ঠানের মাধ্যমে ভর্তি ফি-বিষয়ক নীতিমালা মানার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করবে। শিক্ষা মন্ত্রণালয়কে কঠোর হওয়ার পরামর্শ দিয়ে রায়ে বলা হয়, নীতিমালা না মানলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তবে এ বছর কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সরকার–নির্ধারিত ভর্তি ফি কম বাড়িয়ে মাসের বেতন অস্বাভাবিক বাড়িয়েছে।
আবার কোনো কোনো প্রতিষ্ঠান মাসিক বেতন না বাড়িয়ে এককালীন ফি বাড়িয়ে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালায় বলা আছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ, উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে (ভার্সন) সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। ওই নীতিমালায় সব মিলিয়ে ভর্তি ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এবার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফি ও বেতন বাড়িয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানই বেতন বাড়িয়েছে ৪০ থেকে ১০০ ভাগ পর্যন্ত।
শিক্ষাপ্রতিষ্ঠানের অস্বাভাবিক বেতন বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘আবারও আদালতের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার কথা বলে যেভাবে দ্বিগুণ বা তিন গুণ বেতন বাড়ানো হয়েছে, সেটি অনেকটাই অজুহাত।’ আজ রোববার বা কাল সোমবার উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।
এদিকে রাজধানীর বিয়াম স্কুলের বিরুদ্ধে বাড়তি বেতন ও ফি নেওয়ার একটি মামলার শুনানি চলছে। গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষকে কড়া ভাষায় সমালোচনা করেন আদালত। শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত এই প্রতিষ্ঠান বাড়তি বেতন ও ফি নেওয়ায় বিচারক বিস্ময় প্রকাশ করেন। খুব শিগগির ওই মামলার রায় হতে পারে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের প্রত্যাশা, কেউ আদালতে গেলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের লাগাম সহজেই টেনে ধরা যাবে। কারণ মন্ত্রী, সাংসদ, প্রভাবশালী ব্যক্তিদের কেউ কেউ বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন।
নতুন বেতনকাঠামোয় সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধির যুক্তি দেখিয়ে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন অভিভাবকেরা। তাঁরা সংবাদ সম্মেলনও করছেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
তবে শিক্ষকদের বেতন বাড়াতে শিক্ষার্থীর বেতন বাড়ানোর যুক্তি মানতে শিক্ষা মন্ত্রণালয় রাজি নয়। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের মূল বেতন সরকার দেয়। এ ছাড়া আংশিক উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাও তাঁরা সরকার থেকে পান। এর বাইরে স্কুলের আয় থেকেও তাঁরা নানা রকম ভাতা পেয়ে থাকেন, যা অনেক ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও বেশি।
একাধিক স্কুলের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, নতুন জাতীয় বেতন স্কেলে বেসরকারি স্কুলের শিক্ষকদের মূল বেতন দ্বিগুণ হয়েছে, তাঁরা মূল বেতন অনুযায়ী অন্যান্য সুবিধা চাইছেন। কিন্তু আগে যেসব বাড়তি সুবিধা পেতেন, সেগুলো সমন্বয় করতে রাজি হচ্ছেন না।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা সমন্বয় হয়েছে। শিক্ষকদের অন্যান্য ভাতাও সমন্বয় হওয়ার কথা। কিন্তু কিছু স্কুল বেশি আয় করে শিক্ষকদের প্রচলিত জাতীয় বেতন স্কেলের অনেক বেশি সুযোগ-সুবিধা নেয়। সেটি নিতেও পারে, কিন্তু শিক্ষার্থীর ওপর এভাবে জুলুম করা উচিত নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর দুটি বড় স্কুলের অস্বাভাবিক বেতন নেওয়ার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে করণীয় জানতে চাওয়া হয়েছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির বলেন, অনেক স্কুল আইনের ফাঁক দেখিয়ে ভর্তি ফি ততটা না বাড়িয়ে বেতন অস্বাভাবিক বাড়িয়েছে, যেটি বেআইনি ও অনৈতিক। কারণ, আদালতের রায়ে এবং মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালায় সেশন চার্জ, মাসের বেতন ও উন্নয়ন ফি একত্র করে বলা হয়েছে। তিনি বলেন, আইনি ফাঁক দূর করতে মাসিক বেতন নির্দিষ্ট করা প্রয়োজন এবং কে, কতটুকু বাড়াতে পারবে, সেই নীতিমালা থাকা উচিত।
আজ রোববার থেকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছেন অভিভাবকেরা। ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকেরা ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে আজ স্মারকলিপি দেবেন।
এ পর্যন্ত ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল, উদয়ন স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি স্কুল, শহীদ আনোয়ার গার্লস কলেজ, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলের বিরুদ্ধে ৪০ থেকে ১০০ শতাংশ ফি বাড়ানোর তথ্য পাওয়া গেছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলে দ্বিতীয় শ্রেণিতে গত বছর বেতন ছিল ৯৫০ টাকা, এবার তা হয়েছে ১ হাজার ৮০০ টাকা। শহীদ আনোয়ার গার্লস কলেজ ৫ জানুয়ারির বিজ্ঞপ্তিতে বেতন বাড়ানোর তথ্য উল্লেখ করে বলেছে, জাতীয় বেতন স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারী ও অন্যান্য স্টাফের বেতন-ভাতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে বেতন বাড়ানো হয়েছে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ন্যাশনাল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, জুনিয়র ল্যাবরেটরি স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানেও ফি ও বেতন বাড়ানো হয়েছে।
চট্টগ্রামেও সিটি করপোরেশন পরিচালিত ৪৬টি স্কুলে এবং ইপিজেডে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের বেতন বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন অভিভাবকেরা।