বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের দুই জারিকারককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই কার্য দিবসের মধ্যে জানানোর আদেশ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ জি এম সালাহ্ উদ্দিন গতকাল রোববার এই আদেশ দেন।গত শনিবার বিপন্ন প্রজাতির পানকৌড়ি পাখির ১০টি ছানা হত্যার অভিযোগে সরোজ বিশ্বাস ও মণি শেখের বিরুদ্ধে আদালত এ আদেশ দেন। জানা গেছে, এই দুই জারিকারক শনিবার সকালে শহরের পুরাতন আদালত চত্বরের একটি নারকেলগাছের কয়েকটি বাসা থেকে ১১টি পানকৌড়ির ছানা শিকার করেন। স্থানীয় জনগণ বাধা দিলে একপর্যায়ে তাঁরা পালিয়ে যান। পরে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে ঘটনাস্থলে এসে একটি ধারালো দাসহ পানকৌড়ির সাতটি জবাই করা, তিনটি মৃত এবং একটি জীবিত ছানা উদ্ধার করেন। জজ জি এম সালাহ্ উদ্দিন জানান, অভিযুক্তদের সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে। তাঁদের জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।