গোপালগঞ্জে অতিরিক্ত জেলা জজ আদালত থেকে হত্যা মামলার ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি গায়েবের ঘটনায় দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিনের কার্যালয়ে গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষে ওই মামলাটি করা হয়। আসামি করা হয়েছে আদালতের সাঁটলিপিকার মহানন্দ রায় ও সেরেস্তা সহকারী মহর উদ্দিন ফকিরকে।
গোপালগঞ্জ জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা এস কে এম শওকত আলী গতকাল রোববার বলেন, এ মামলার দুই আসামিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে বক্তব্য দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি বলেন, জবাব পাওয়ার পর আদালত ওই দুই কর্মচারীর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।
২ এপ্রিল এ হত্যা মামলার বাদী মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের নেসার উদ্দিন মোল্লা জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিনের কাছে নথি হারানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল জেলা ও দায়রা জজ বিষয়টি তদন্ত করে ১০ এপ্রিলের মধ্যে অতিরিক্ত জেলা জজ মো. নাজির আহমেদকে প্রতিবেদন দিতে বলেন। নাজির আহমেদ ৯ এপ্রিল জেলা জজকে এ-সংক্রান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে ওই আদালতের সাঁটলিপিকার মহানন্দ রায় ও সেরেস্তা সহকারী মহর উদ্দিন ফকিরকে নথি গায়েবের ঘটনায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।
এদিকে হত্যা মামলার ১৭ সাক্ষীর জবানবন্দি ও জেরার ফাইলটি পুনর্গঠনের জন্য বাদী মো. নেসার উদ্দিন মোল্লাকে কোর্ট নোটিশ দেন অতিরিক্ত জেলা জজ। ওই নোটিশে বাদীর কাছে হারিয়ে যাওয়া ১৭ সাক্ষীর জবানবন্দি ও জেরার কী কী নকল কপি আছে, তা জমা দিতে বলা হয়। নেসার উদ্দিন মোল্লা বলেন, তাঁর কাছে ওই মামলার ১ থেকে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার সার্টিফায়েড কপি আদালত থেকে তোলা ছিল। সেই কপিগুলো তিনি গতকাল সংশ্লিষ্ট আদালতে জমা দিয়েছেন।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা জজ আদালতে গৃহবধূ সাজিয়া জাহান হত্যা মামলার বিচারকাজ প্রায় ১২ বছর ধরে চলছে। এ মামলায় ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। গত ২৯ মার্চ নির্ধারিত তারিখে ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি খুঁজে না পাওয়ায় মামলার কার্যক্রম আগামী ১৬ মে পর্যন্ত স্থগিত করা হয়। ২০০৫ সালের ২৭ নভেম্বর গোপালগঞ্জ সদরের মানিকদাহ গ্রামে সাজিয়া জাহান ওরফে তুলির (১৯) লাশ স্বামী পুলিশ কনস্টেবল মশিউর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়।