জামিন জালিয়াতির মাধ্যমে ১০৬ আসামিকে কারাগার থেকে মুক্ত করানোর মামলায় আদালতের দুজন কর্মচারীসহ পাঁচজনকে পৃথক দুটি ধারায় ৭ বছর করে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে উভয় সাজা একত্রে হওয়ায় তাঁদের সাত বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তদন্তে অবহেলা ও গাফিলতির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শফিউল্লাহকে সতর্ক করে দিয়েছেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভূঁইয়া (বরখাস্ত), মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল। তাঁদের মধ্যে আলমগীর ও জাহাঙ্গীর পলাতক। কারাগারে আটক অন্য তিন আসামিকে গতকাল রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আদেশে বিচারকের স্বাক্ষর জাল করে, ভুয়া জামিননামা তৈরি করে ৭৬টি মামলার ১০৬ জন আসামিকে কারাগার থেকে বের করার ব্যবস্থা করেছেন। অথচ সংশ্লিষ্ট আদালত থেকে কাউকে জামিন দেওয়া হয়নি। আদালতের কর্মচারী হয়েও এ ধরনের জালিয়াতি করে আসামিরা ঘৃণ্য অপরাধ করেছেন, যা ক্ষমার অযোগ্য। তাই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য। এতে আদালতের অন্য কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক হবেন।
রায়ে আরও বলা হয়, মামলাটি তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন শফিউল্লাহ। তদন্ত কর্মকর্তার অবহেলায় জালিয়াতির ঘটনায় জড়িত ব্যক্তিদের সামনে আনতে পারেননি। কর্মকর্তার উচিত ছিল জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রত্যেককে শনাক্ত করে তা প্রকাশ করা। তদন্তে তিনি চরম অযোগ্যতার পরিচয় দিয়েছেন। এ ধরনের কর্মকর্তা দুদকের মতো প্রতিষ্ঠানে থাকলে তাতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা আছে। দুদক আসামিদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে জামিনের আদেশ তৈরির অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় দণ্ডবিধির পৃথক দুটি ধারায় ৭ বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হলো। তবে উভয় সাজা একত্রে কার্যকর হবে। রায়ের একটি অনুলিপি দুদকে পাঠানোর নির্দেশ দেন আদালত।
২০১৫ সালের ১২ আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ৭৬টি মামলায় ১০৬ জন আসামিকে জাল জামিননামা তৈরি করে কারাগার থেকে মুক্ত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের নাজির উবায়দুল করিম আকন্দ বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। দুদক তদন্ত করে গত বছরের ১৫ মার্চ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, ২০১৪ সালের ৮ জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত সময়ে জামিন জালিয়াতির এই ঘটনা ঘটে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী শওকত আলম।