সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আদালতের নিরাপত্তা বাড়াতে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্টদের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েনসহ সব ধরনের পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
২৩ মার্চ সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চিঠিটি পাঠানো হয়। গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির নির্দেশক্রমে পুলিশ মোতায়েন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যা ব মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে চিঠিটি সব জেলা ও দায়রা জজের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিচারক ও আদালত-সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগেও সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে গত বছরের জুলাইয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের সব জেলার আদালতে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
২৩ মার্চ পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব অধস্তন আদালতের বিচারক, কর্মচারী ও আদালতসংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন। প্রধান বিচারপতির এ উদ্বেগের বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।