সাত খুন মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা নূর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে করা একটি অস্ত্র ও মাদক মামলায় পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে প্রতিবেদন যথাসময়ে দাখিল না করায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফতউল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। ৩১ জানুয়ারি ওসিকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার গত রোববার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমীন আহমেদ বলেন, ২০১৪ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ায় সাত খুন মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূর হোসেনের বাড়ির পাশের দুটি টং দোকানে অভিযান চালিয়ে ১৫১ বস্তা ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত হোসেন বাদী হয়ে নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিদের মধ্যে নূর হোসেন কারাগারে। জামিনে রয়েছেন নূর হোসেনের ভাই নূরউদ্দিন, ভাতিজা ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, নূর হোসেনের সহযোগী রিপন, মাসুদ ও আলী মাসুদ। পলাতক আছেন জালাল, সানাউল্লাহ, সেলিম ও শাহাবুদ্দিন। রোববার মামলার শুনানির দিন নূর হোসেন ও জামিনে থাকা আসামিরা আদালতে হাজির ছিলেন। ২০১৬ সালের ৫ অক্টোবর চার আসামির বিরুদ্ধে জারিকৃত পরোয়ানার বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে নোটিশ দিয়েছিলেন আদালত। কিন্তু ওসি আদালতের নোটিশ অমান্য করেছেন। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
এ মামলার আসামিদের মধ্যে নূর হোসেন ছাড়াও পলাতক সানাউল্লাহ ও সেলিম সাত খুনের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পেয়েছেন।