কীর্তনখোলা নদী ভরাট করে শহর রক্ষা বাঁধের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু সেই নির্দেশ অমান্য করে রাতের আঁধারে চলছিল বাঁধ নির্মাণের কাজ। এ জন্য একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. ইলিয়াছুর রহমান এই দণ্ডাদেশ দেন। পাশাপাশি বাঁধ নির্মাণে বালু তোলার কাজে ব্যবহৃত একটি বলগেট জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান জানান, কীর্তনখোলা নদীসহ নগরের অন্যান্য খালের মালিক সরকার। আর তা দেখভালের দায়িত্ব জেলা প্রশাসনের। জেলা প্রশাসনকে না জানিয়ে বেশ কিছুদিন ধরে সিটি করপোরেশন শহর রক্ষা বাঁধ নির্মাণের নামে কীর্তনখোলা নদী ভরাট করছিল। পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর উচ্চ আদালতে এ ব্যাপারে রিট আবেদন করা হলে আদালত নদী ভরাট করে বাঁধ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল সরেজমিনে পরিদর্শন শেষে নদী দখল করে বাঁধ নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ২৯ ও ৩০ এপ্রিল রাতের অন্ধকারে পুনরায় বালু দিয়ে নদী ভরাটকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১ মে দিনের বেলাও ভরাট করতে থাকে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দণ্ডাদেশ দেওয়া হয় এক শ্রমিককে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইলিয়াছুর রহমান প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অমান্য করায় পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী মো. সোহাগ নামের ওই শ্রমিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ বলগেটটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কীর্তনখোলা ভরাট করে বাঁধ নির্মাণ নিয়ে ২৫ এপ্রিল প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। পরের দিন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই বাঁধ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।