আদালতের নির্দেশ অমান্য করে বসতভিটা নির্মাণ
বগুড়ার ধুনটে আদালতের নিষেধজ্ঞা উপেক্ষা করে বিধবার পরিবারের বসতভিটার ঘর ভেঙে বিপণিবিতান নির্মাণ করছেন এলাকার প্রভাবশালী এক ব্যক্তি। নলডাঙ্গা গ্রামের জামেনা বেওয়া রোববার দুপুরে ধুনট প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, ধুনট মৌজার ৪৯৭ ও ৪৯৮ নম্বর দাগে নলডাঙ্গা গ্রামের লিচু প্রামানিকের ১০ শতাংশ পৈতৃক সম্পত্তি ছিল। পাঁচ বছর আগে লিচু প্রামানিক মারা যাওয়ার পর তাঁর স্ত্রী জামেনা বেওয়া তাঁর নাবালক তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে সেখানে ঘরবাড়ি করে বসবাস করছিলেন। কিন্তু ভুয়া দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে আরজেল মুন্সি গত জানুয়ারিতে বিধবার ঘরবাড়ি ভেঙে সেখানে বিপণিবিতান নির্মাণ শুরু করেন। এ নিয়ে জামেনার ছেলে জামিল উদ্দিন ২ ফেব্রুয়ারি বগুড়ার সহকারী জজ আদালতে একটি বণ্টন মামলা করেন। আদালত শুনানি শেষে ১৮ মে বিবাদী আরজেল মুন্সির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে সেখানে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। এ বিষয়ে জামিল ১৮ মে ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন জানান, শনিবার সারা দিন সেখানে কাজ চলেছে।এ বিষয়ে আরজেল মুন্সি জানান, তিনি সাত বছর আগে বদিউজ্জামান নামের একজনের কাছ থেকে ওই জমি কিনেছেন। আদালতের নিষেধাজ্ঞা পাওয়ার পরে কাজ বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হক জানান, জিডি করার পর সেখানে পুলিশ পাঠিয়ে বিবাদীদের আদালতের নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।